মানসিক ভারসাম্যহীন ব্যক্তির দায়ের কোপে নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ওয়াহিদ মিয়া (৩৫) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির দায়ের কোপে দুজন নিহত হয়েছেন। তাঁর দায়ের আঘাতে আহত হয়েছেন অন্তত পাঁচজন। আজ বুধবার বিকেল তিনটার দিকে উপজেলার কালীশিমুল গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন ইব্রাহীম মিয়া (৫৫) ও দুধ মিয়া (৩০)। তাঁদের বাড়ি উপজেলার পাকশিমুল ইউনিয়নের কালীশিমুল গ্রামে।পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, আজ বিকেল তিনটার দিকে মানসিক ভারসাম্যহীন ওয়াহিদ মিয়া তাঁর নিজ ঘর থেকে দা নিয়ে সত্ ভাই দুধ মিয়া, প্রতিবেশী ইব্রাহীম মিয়া, এরশাদ আলী (৪৫), আবুল মিয়া (৫৫), আবদুর রউফ (৬০) এবং বজলু মিয়াকে (৩০) দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। তাঁদের মধ্যে দুধ মিয়া ঘটনাস্থলেই মারা যান। ইব্রাহীম মিয়া হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আহত অন্যদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে গ্রামবাসী ওয়াহিদ মিয়াকে পিটিয়ে গুরুতর আহত করে। ওয়াহিদ মিয়া পুলিশের জিম্মায় রয়েছে।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আব্বাস উদ্দিন প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।