মানসিক স্বাস্থ্য: প্রয়োজন অব্যাহত ও সমন্বিত সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকাআগামী১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্যদিবস। বিশ্ব মানসিক স্বাস্থ্যদিবস উপলক্ষে এ বছর গুরুত্ব দেওয়া হয়েছে ক্রনিক রোগজনিত কারণে সৃষ্ট মানসিক স্বাস্থ্যসমস্যা বিষয়ে।দীর্ঘমেয়াদি রোগে ভুগে অনেকেরই মানসিক সমস্যার সৃষ্টি হয়। তাই এ বিষয়ে সচেতনতাবৃদ্ধির জন্য আজকের বিশেষ আয়োজনদার্শনিক প্লেটো তাঁর রিপাবলিকা গ্রন্থে শারীরিক সুস্থতার সঙ্গে মনের সম্পর্কের কথা বিবৃত করেছিলেন। মন শরীর থেকে মোটেই বিচ্ছিন্ন নয়। বরং শরীরের বিভিন্ন রোগের সঙ্গে মানসিক সুস্থতা-অসুস্থতার রয়েছে প্রগাঢ় সম্পর্ক। এই নিয়েই এ বছর ১০ অক্টোবর, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য ‘মানসিক স্বাস্থ্য এবং দীর্ঘমেয়াদি শারীরিক অসুস্থতা: প্রয়োজন অব্যাহত ও সমন্বিত সেবা’।বিষণ্নতা, সিজোফ্রেনিয়া, উদ্বিগ্নতা, মাদকাসক্তিসহ নানাবিধ মানসিক রোগে যাঁরা ভুগছেন, তাঁরা প্রথমত মানসিক রোগগুলোর কারণে এবং দ্বিতীয়ত স্বতন্ত্রভাবেই যেকোনো ধরনের শারীরিক সমস্যায় ভুগতে পারেন। আবার শারীরিক বিভিন্ন রোগে ভুগতে ভুগতে যে কেউ আক্রান্ত হতে পারেন বিষণ্নতা ও উদ্বিগ্নতার মতো মানসিক রোগে। কেবল বাংলাদেশে নয়, দেখা গেছে পৃথিবীর অনেক উন্নত দেশেও মানসিক রোগকে তাচ্ছিল্য করার প্রবণতা রয়েছে, আর এ কারণে প্রকৃত সুস্থতার সন্ধান রোগীরা পাচ্ছেন না। ফলে এর পুরো প্রভাব গিয়ে পড়ে রোগীর ওপর—এ ডাক্তার থেকে ও ডাক্তার, হূদরোগ-বিশেষজ্ঞ থেকে স্নায়ুরোগ-বিশেষজ্ঞ, পরিপাকতন্ত্র-বিশেষজ্ঞ থেকে হরমোন-বিশেষজ্ঞদের কাছে ধরনা দেয় রোগী কিন্তু আরোগ্যের স্বাদ সে পায় না। পৃথিবীর মোট জনসংখ্যার ১২ শতাংশ ছোট-বড় মানসিক সমস্যায় আক্রান্ত। বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় একটি জাতীয় পর্যায়ের জরিপ অনুয়ায়ী, আঠারো বছরের উপরের জনসংখ্যার শতকরা ১৬.১০ জন এবং আঠারো বছরের নিচে শিশু-কিশোরদের মধ্যে শতকরা ১৮.৪০ জন মৃদু থেকে গুরুতর মানসিক সমস্যায় ভুগছে। এদিকে, দেশে মনোরোগ বিশেষজ্ঞের মোট সংখ্যা ১৩০ জনের কাছাকাছি। প্রতি এক লাখ জনগোষ্ঠীর জন্য সাইকিয়াট্রিস্ট রয়েছে মাত্র শূন্য দশমিক শূন্য ৭৩ জন অর্থাৎ প্রায় ১৫ লাখ মানুষের জন্য গড়ে একজনেরও কম। সাইকোলজিস্টসহ অন্যদের সংখ্যাও অপ্রতুল। একদিকে মানসিক স্বাস্থ্য খাতে অপ্রতুল জনশক্তি ও সীমিত সম্পদ, আরেকদিকে মানসিক রোগ নিয়ে সংস্কারাচ্ছন্ন মনোভাব রাষ্ট্রের সার্বিক স্বাস্থ্যসেবার মানের উন্নয়নে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই বছরের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্যে বিভিন্ন ধরনের দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যা যেমন—ডায়াবেটিস, হাঁপানি, উচ্চরক্তচাপ, হূদরোগ, ক্যানসার এবং স্থূলতার (ওজন বেড়ে যাওয়া) কারণে যেসব মানসিক সমস্যা হতে পারে সেগুলো দ্রুত শনাক্তকরণ এবং রোগীর সার্বিক পরিচর্যার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, ডায়াবেটিসের রোগীর মধ্যে রয়েছে বিষণ্নতা বা উদ্বিগ্নতা। কিন্তু সেবাপ্রাপ্তির ক্ষেত্রে রোগী কেবল ডায়াবেটিসের চিকিৎসা গ্রহণ করছেন। দেখা যাচ্ছে যে তাঁর রক্তে শর্করা নিয়ন্ত্রণ হচ্ছে ঠিকই কিন্তু তাঁর সার্বিক সুস্থতা বাধাগ্রস্ত হচ্ছে। এর কারণ তার মধ্যে বিষণ্নতা ও উদ্বিগ্নতা রয়েই গেছে। এই রকম ঘটনা প্রায় প্রতিটি দীর্ঘমেয়াদি রোগের ক্ষেত্রেই হতে পারে। জাতিসংঘের স্বাস্থ্য সমন্বয়ক ড. গর্ডন গালির এক গবেষণায় দেখা গেছে, সারা পৃথিবীতে প্রতিবছর যত মানুষ মৃত্যুবরণ করছেন, তার মধ্যে শতকরা ৬০ ভাগের মৃত্যুর পেছনে আছে চারটি দীর্ঘমেয়াদি শারীরিক রোগ। এগুলো হচ্ছে—হূদরোগ, ডায়াবেটিস, ক্যানসার ও শ্বাসতন্ত্রের রোগ। আবার এসব রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মধ্যে শতকরা ৮০ ভাগ ঘটে পৃথিবীর দরিদ্র দেশগুলোতে। এর সঙ্গে মানসিক স্বাস্থ্যের সম্পর্ক হচ্ছে যে এসব শারীরিক রোগীর মধ্যে বিভিন্ন ধরনের মানসিক সমস্যা এবং মাদকাসক্ত হওয়ার সম্ভাবনা সাধারণের চেয়ে অনেকখানিই বেশি। কেবল বিষণ্নতার হিসাব খতিয়ে দেখলে দেখা যায়, বিশ্বে পুরুষদের ৫ থেকে ১২ শতাংশ এবং নারীদের ১০ থেকে ২৫ শতাংশের মধ্যে বিষণ্নতা রোগটি জীবনের কোনো একসময় হতে পারে কিন্তু যাঁরা বিভিন্ন ধরনের দীর্ঘমেয়াদি শারীরিক রোগে ভুগছেন, তাঁদের মধ্যে বিষণ্নতার হার নারী-পুরুষ-নির্বিশেষে ২৫ থেকে ৩৩ শতাংশ। আবার গুরুতর বিষণ্ন রোগীদের মধ্যেও হূদরোগের ঝুঁকি সাধারণের তুলনায় অনেক বেশি। সব ধরনের হূদরোগীর মধ্যে ১৫ শতাংশ এবং যাঁদের বাইপাস সার্জারি হয় তাঁদের মধ্যে ২০ শতাংশ বিষণ্নতায় ভুগে থাকেন। আবার আরেক গবেষণায় দেখা গেছে, হার্ট অ্যাটাকের পর বিষণ্নতার হার ৪০ থেকে ৬৫ শতাংশ। একটি ভয়াবহ তথ্য সেখানে বলা হয়েছে যে হার্ট অ্যাটাকের পর যাঁদের বিষণ্নতা হয়েছে, ছয় মাসের মধ্যে তাঁদের পুনরায় হার্ট অ্যাটাক হয়ে মৃত্যুর হার ১৭ শতাংশ। অন্যদিকে যাঁদের বিষণ্নতা হয়নি ছয় মাসের মধ্যে তাঁদের পুনরায় হার্ট অ্যাটাক হয়ে মৃত্যুর হার মাত্র তিন শতাংশ। বিষণ্নতার রোগীরা তাঁদের বিষণ্নতা কাটাতে অনেক সময় তামাকসহ নানা ধরনের মাদকের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, যা তাঁদের হূদরোগের ঝুঁকি বাড়ায়। অ্যাংজাইটি বা উদ্বিগ্নতার সঙ্গেও রয়েছে হূদরোগের সম্পর্ক। উদ্বিগ্নতা হূদরোগের ঝুঁকি ৭৪ শতাংশ বাড়িয়ে দেয় আর হূদরোগীদের মধ্যে অ্যাংজাইটি হওয়ার হার ২৪ থেকে ৩১ শতাংশ।ওয়ার্ল্ড ফেডারেশন অব মেন্টাল হেলথের গবেষণামতে, বিশ্বের প্রতি চারজন ডায়াবেটিস রোগীর মধ্যে একজনের বিষণ্নতা আছে এবং বিষণ্নতাযুক্ত ডায়াবেটিস রোগীর মৃত্যুহার সাধারণ ডায়াবেটিস রোগীর মৃত্যুহারের চেয়ে ৩০ শতাংশ বেশি। আরেক গবেষণায় দেখা গেছে, যাঁদের মধ্যে বিষণ্নতা আছে তাঁদের টাইপ টু ডায়াবেটিস হওয়ার হার ২০ শতাংশ বেশি। বিশ্বের ২৩০ মিলিয়ন ডায়াবেটিস রোগীর মধ্যে ৪৩ মিলিয়নের মধ্যে বিষণ্নতার লক্ষণ বিদ্যমান। বিষণ্নতা ছাড়াও উদ্বিগ্নতা এবং নানাবিধ মানসিক সমস্যা ডায়াবেটিস রোগীদের মধ্যে হতে পারে।ক্যানসারে আক্রান্ত রোগীদের মধ্যে অন্তত ৫০ শতাংশ কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছেন, যার মধ্যে রয়েছে বিষণ্নতা, উদ্বিগ্নতা এবং মানিয়ে চলার সমস্যা। আর যেসব ক্যানসারের রোগীদের মধ্যে বিষণ্নতাসহ নানাবিধ মানসিক অসুস্থতা বিদ্যমান, তাঁদের মধ্যে মৃত্যুঝুঁকি অন্য ক্যানসারের রোগীদের চেয়ে ২৫-৩৯ শতাংশ বেশি।শ্বাসতন্ত্রের রোগের মধ্যে হাঁপানি বা অ্যাজমা এবং ক্রনিক অবস্ট্রাকটিভ পালমনারি ডিজিজে মানসিক সমস্যা বেশি হয়ে থাকে। এর মধ্যে শতকরা ২০ ভাগ রোগীরই থাকে বিষণ্নতা। আর কেবল ক্রনিক অবস্ট্রাকটিভ পালমনারি ডিজিজে উদ্বিগ্নতা বা অ্যাংজাইটির হার ৪০-৯০ শতাংশ, যা সাধারণ জনসংখ্যার মধ্যেকার হারের (৮-২০ শতাংশ) চেয়ে কয়েক গুণ বেশি।ওজন বেড়ে যাওয়া বা ওবেসিটির সঙ্গে সম্পর্ক রয়েছে বেশ কিছু মানসিক সমস্যার। যেসব ব্যক্তি সর্বক্ষণ স্ট্রেসের মধ্যে থাকেন, বিষণ্নতায় ভোগেন অথবা অতি উদ্বিগ্ন থাকেন তাঁদের খাবারের অভ্যাসের নানাবিধ পরিবর্তন দেখা যায়। পাশাপাশি পরিশ্রমও কম করেন, সেই সঙ্গে শরীরে হরমোনের তারতম্য ঘটে। ফলে ওজন যায় বেড়ে। বিষণ্নতায় আক্রান্ত রোগীদের মধ্যে ওজন বেড়ে যাওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় ১৮ শতাংশ বেশি। আবার স্থূলতার কারণে যাঁদের শারীরিক গড়ন পবের্তন হয়, তাঁদের মধ্যে শরীর নিয়ে সব সময় খুঁতখুঁতে চিন্তা, বিষণ্নতা, মানিয়ে চলার সমস্যা ইত্যাদি দেখা দিতে পারে।দীর্ঘমেয়াদি শারীরিক অসুস্থতায় যদি মনের রোগও দেখা দেয় তবে আরোগ্য লাভে বিলম্ব হবেই, সেই কারণে প্রাথমিক পর্যায়ের চিকিৎসক থেকে শুরু করে বিশেষজ্ঞ পর্যন্ত সবাইকে মানসিক রোগ বিষয়ে সচেতন হতে হবে, পাশাপাশি রোগী ও তাঁর স্বজনদেরও মনে রাখতে হবে যে মানসিক সমস্যাও একটি রোগ। এই সমস্যাকে অস্বীকার করে বা দূরে রেখে সার্বিক সুস্থতা সম্ভব নয়, বিশেষত দীর্ঘমেয়াদি রোগের ক্ষেত্রে প্রয়োজন সমন্ব্বত ও নিরবচ্ছিন্ন পরিচর্যা।