দেশের বয়স্ক লোকের মধ্যে শতকরা ১৬ দশমিক ০১ জন এবং ১৮ বছরের কম বয়সীদের শতকরা ১৮ দশমিক ৪০ জন মৃদু থেকে গুরুতর মানসিক সমস্যায় ভুগছে। আর প্রায় ১৫ লাখ মানুষের জন্য গড়ে একজনেরও কম মনোরোগ বিশেষজ্ঞ আছেন।বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনের প্রাক্কালে গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এ তথ্য দেন। তাঁরা মানসিক স্বাস্থ্যসেবার প্রতি সবাইকে নজর দেওয়ার আহ্বান জানান।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ চিকিৎসক হেলাল উদ্দিন আহমেদ মূল বক্তব্যে বলেন, মানসিক স্বাস্থ্যসেবায় প্রশিক্ষিত কর্মী, হাসপাতালের শয্যাসহ সবই খুবই অপ্রতুল। মোট স্বাস্থ্য বাজেটের মাত্র শূন্য দশমিক ৪৪ শতাংশ এ খাতে বরাদ্দ, যা খালি চোখে দেখা সম্ভব নয়। মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে হয়।জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. গোলাম রব্বানী, ইনস্টিটিউটের অধ্যাপক ও অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টের সাধারণ সম্পাদক মো. ওয়াজিউল আলম চৌধুরী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব শারফুদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য দেন। এবার দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘মানসিক স্বাস্থ্য এবং দীর্ঘমেয়াদি শারীরিক অসুস্থতা: প্রয়োজন অব্যাহত ও সমন্বিত সেবা।’ রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে গৃহীত কর্মসূচির সাফল্য কামনা করেছেন। পৃথক বাণীতে তাঁরা বলেন, সুখী ও সমৃদ্ধিশালী দেশের জন্য নাগরিকদের শারীরিক ও মানসিক উভয় ধরনের সুস্থতা প্রয়োজন।