মানহানি আইনের সংশোধন কতটা ইতিবাচক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২ ফেব্রুয়ারি জাতীয় সংসদে ফৌজদারি কার্যবিধি (সংশোধন) বিল পাস হয়েছে। সংশোধনীতে মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে করা মামলায় কোনো সাংবাদিকের বিরুদ্ধে সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা জারির বিধান বাদ দেওয়া হয়েছে। এই সংশোধনীর ফলে ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো নিয়ে বিশেষজ্ঞ ব্যক্তিরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সাক্ষাৎকার নিয়েছেন: তানজিম আল ইসলাম ও মো. আল আমীনমোহাম্মদ গোলাম রাব্বানী সাবেক বিচারপতিমানহানিকর সংবাদ এমন কোনো অপরাধ নয়, যাতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হবে। তাই এ সিদ্ধান্তটি যথাযথ হয়েছে। আইনটি নেতিবাচকভাবে ব্যবহারের সুযোগ নেই। সাংবাদিকেরা আদালতের কাছে দায়বদ্ধ। এ কারণে তাঁরা ক্ষমতার অপব্যবহার করতে পারবেন না।কাজী এবাদুল হক  সাবেক বিচারপতি, সাবেক চেয়ারম্যান প্রেস কাউন্সিল মানহানি-সংক্রান্ত আইন সংশোধন করায় ইতিবাচক ও নেতিবাচক—দুই প্রভাবই আছে। ফৌজদারি আইনে জামিনযোগ্য মামলায় সাধারণত ওয়ারেন্ট জারি হয় না। সমন জারি হয়। কিন্তু মানহানি-সংক্রান্ত ধারায় জামিনযোগ্য মামলা হলেও ওয়ারেন্ট জারির ক্ষমতা ছিল। এটি ব্রিটিশ আমলে প্রণীত আইন। এখন এটি করা হয় ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কোনো সংবাদ পরিবেশন যেন না করে এ পথ বন্ধ করার জন্য। কিন্তু বর্তমানে মানহানি-সংক্রান্ত মামলায় সমন জারি করাই যথেষ্ট। কারও বিরুদ্ধে সমন জারি হলে আদালতে এসে জামিন চাইতে পারে। কিন্তু সরাসরি ওয়ারেন্ট জারি করে হেনস্তা করার প্রয়োজন নেই। এর ফলে সাংবাদিক, লেখকের ওপর রাজনৈতিক হয়রানি করার সুযোগ কমে যাবে। সাংবাদিকেরাও নির্বিঘ্নে সত্য খবর প্রকাশ করতে পারবেন। তবে এর নেতিবাচক দিক হচ্ছে, একশ্রেণীর হলুদ সাংবাদিককে উসকে দেওয়া হতে পারে। অনেক পত্র-পত্রিকায়ই মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করতে দেখা যায়। এগুলো উদ্দেশ্যপ্রণোদিত থাকে। এখন ওয়ারেন্ট ইস্যুর ক্ষমতা বাতিল হলে এগুলো উৎসাহিত হতে পারে। সাংবাদিকদের নামে যাচ্ছে তাই খবর পরিবেশন করার সুযোগ বেড়ে যাবে এবং তাঁদের জেল-জরিমানার ভয় কমে যাবে। সাংবাদিকতা একটি সম্মানের পেশা। এ পেশায় সম্মান রক্ষা করা তাঁদের দায়িত্ব। সবার উচিত, এ আইনকে সাধুবাদ জানিয়ে আরও দায়িত্ববান হওয়া।মওদুদ আহমদ সাবেক আইনমন্ত্রীআমি মনে করি, এটি একটি ভালো কাজ এবং সিদ্ধান্তটি অত্যন্ত ইতিবাচক। সাংবাদিকেরা এর ফলে নির্বিঘ্নে কাজ করতে পারবেন। তবে পত্রিকাগুলো বা সংবাদমাধ্যম যাতে এর অপব্যবহার না করে সেদিকে খেয়াল রাখতে হবে। সাংবাদিকেরা জনগণের কাছে দায়বদ্ধতার বিষয়টি স্মরণ রাখলে আইনের অপব্যবহার হবে না। সার্বিকভাবে দেশে সাংবাদিকতার বিকাশ সাধনে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস।শাহ আলম  চেয়ারম্যান, বাংলাদেশ আইন কমিশনপ্রায় কয়েক মাস আগে আইন, বিচার ও সংসদবিষয়ক সংসদীয় কমিটি থেকে ফৌজদারি কার্যবিধির মানহানি-সংক্রান্ত আইনের বিষয়ে আইন কমিশনের মতামত জানতে চাওয়া হয়েছিল। আমরা এ আইনের খসড়ার সঙ্গে একমত পোষণ করেছিলাম। কয়েক মাস দেরি হলেও এ আইনটি সংশোধন হলো। এটা ইতিবাচক। মানহানি-সংক্রান্ত ধারাটি কালো আইন হিসেবেই গণ্য ছিল এত দিন। এখন তা দূর হলো। তবে সংসদীয় কমিটির একটি মতামত ছিল যে এই আইন সংশোধন করলেও প্রেস কাউন্সিল অ্যাক্টের বিধানগুলো কড়াকড়ি করা উচিত। এতে অপব্যবহারের প্রবণতা কমবে। আমিও একমত। প্রেস কাউন্সিলের বিধানগুলো সংশোধন করা উচিত। এতে করে ভারসাম্য তৈরি হবে। নইলে মানহানি-সংক্রান্ত আইনের অপব্যবহার হতে পারে। তবে মানহানি-সংক্রান্ত জামিনযোগ্য অপরাধে সরাসরি ওয়ারেন্ট ইস্যু করার ক্ষমতা উচিত ছিল না। তা এখন বাদ দিয়ে শুধু সমন ইস্যু করার বিধানটি রাখা হয়েছে। এটাই যথেষ্ট। মাহবুবে আলম অ্যাটর্নি জেনারেল ফৌজদারি কার্যবিধিতে মানহানি-সংক্রান্ত ধারার সংশোধন অত্যন্ত ইতিবাচক হিসেবেই দেখছি। সাংবাদিকদের ক্ষেত্রে সত্যনিষ্ঠ খবর প্রকাশ করা অনেকটাই ভয়ের কারণ হয়েছিল এ আইনের কারণে। এখন এই সংশোধনীর ফলে সাংবাদিকেরা নির্বিঘ্নে সংবাদ পরিবেশন করতে পারবেন। মানহানি-সংক্রান্ত মামলায় সমন জারিই যথেষ্ট, ওয়ারেন্ট জারি করার কোনো প্রয়োজন নেই। এখন প্রশ্ন উঠতে পারে, এর ফলে এই আইনের অপব্যবহার হতে পারে কি না। কোনো মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করার জন্য প্রচলিত আইনে প্রতিকারের ব্যবস্থা থাকে। দেওয়ানি আইনে ক্ষতিপূরণের মামলা করা যায়। কিন্তু ফৌজদারি আইনে জেল-জরিমানার ভয় দেখিয়ে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনে বাধা দেওয়া উচিত নয়। এখন এ আইনে সংশোধনী আনার ফলে অবাধ তথ্য প্রকাশের সুযোগ আরও বাড়ল। এটিকে সবার সাধুবাদ জানানো উচিত। খন্দকার মাহবুব হোসেন সভাপতি, সুপ্রিম কোর্ট বার আইনজীবী সমিতিএটি ইতিবাচক এবং সময়োপযোগী ঘটনা। তথ্য অধিকার আইন পাস করার পর জনগণের তথ্য পাওয়ার অধিকার সৃষ্টি হয়েছে। তার বহিঃপ্রকাশ ঘটায় সংবাদমাধ্যম। তাই সংবাদমাধ্যমকে নির্ভয়ে সব তথ্য বা সংবাদ জনস্বার্থে অবহিত করার সুযোগ দিতে হবে। এ অবস্থায় ফৌজদারি কার্যবিধি সংশোধন অত্যন্ত ইতিবাচক। এর ফলে সাংবাদিকদের মানসিকভাবে সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে, যাতে তাঁরা অহেতুক হয়রানির শিকার না হন।