মানহানি মামলায় বিরোধীদলীয় প্রধান হুইপের জামিন লাভ
বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের বিরুদ্ধে বগুড়ায় দায়ের করা ১০০ কোটি টাকার একটি মানহানি মামলায় আদালত তাঁকে জামিন দিয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টায় তিনি বগুড়ার মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির হলে শুনানি শেষে বিচারক এই জামিন মঞ্জুর করেন।জয়নুল আবদিনের পক্ষে বগুড়া আইনজীবী সমিতির সভাপতি আনিসুর রহমান আদালতে জামিনের আবেদন করেন। এ সময় বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবর রহমানসহ শতাধিক আইনজীবী শুনানিতে অংশ নেন। শুনানি শেষে আদালত ৫০ হাজার টাকার বন্ডে এবং স্থানীয় দুজন জামিনদারের জিম্মায় জয়নুল আবদিনের জামিন মঞ্জুর করেন।আদালত জামিন মঞ্জুর করার পর বিএনপির সহস্রাধিক নেতা-কর্মী মিছিল করে জয়নুল আবদিনকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে নিয়ে আসেন। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে জয়নাল আবদিন বলেন, দেশ চালাতে ব্যর্থ হয়ে সরকার বিএনপির নেতাদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করে সরকারবিরোধী আন্দোলন প্রতিহত করতে চায়। সরকার গ্যাস, বিদ্যুত্, পানি—এমনকি জনগণের নিরাপত্তাও দিতে ব্যর্থ হয়েছে। অথচ স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নাম মুছে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি বলেন, ‘আইন প্রতিমন্ত্রী শহীদ জিয়াকে স্বাধীনতার ঘোষক বললে মামলা করার হুমকি দিয়েছেন। আমি বগুড়া থেকে শহীদ জিয়াকে আবারও স্বাধীনতার ঘোষক বলছি।’উল্লেখ্য, গত ১৮ মার্চ জয়নুল আবদিনের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার। আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে ৪ মে জয়নুল আবদিনকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন।