মানহানির মামলায় মাহমুদুর রহমানসহ তিনজনের আগাম জামিন
মানহানির মামলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ তিনজনের তিন মাসের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আজ রোববার বিকেলে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর ও বিচারপতি রইসউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।জামিন পাওয়া অন্য দুজন হলেন আমার দেশ পত্রিকার প্রকাশক মীর হাশমত আলী ও বিশেষ প্রতিনিধি এম আবদুল্লাহ। আদালত একই সঙ্গে এই তিনজনকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা আগামী চার সপ্তাহের মধ্যে জানাতে বলেছেন।প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে নিয়ে গত ১৭ ডিসেম্বর আমার দেশ পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ‘তৌফিক-ই-ইলাহী ও জয়ের বিরুদ্ধে পাঁচ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার অভিযোগ’ শিরোনামে প্রকাশিত ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে গত ২১ ডিসেম্বর দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, প্রকাশক মীর হাশমত আলী ও বিশেষ প্রতিনিধি এম আবদুল্লাহর বিরুদ্ধে মাগুরা জেলা মুখ্য মহানগর হাকিম আদালতে জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আশরাফ হোসেন বাদী হয়ে মানহানির মামলা করেন। আদালত ওই দিনই এই তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।এর আগে গত ২২ ডিসেম্বর পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক, প্রকাশক ও সংশ্লিষ্ট প্রতিবেদক হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। বিচারপতি মো. আশফাকুল ইসলামের একক অবকাশকালীন বেঞ্চ ৩ জানুয়ারি পর্যন্ত হয়রানি না করতে নির্দেশ দিয়েছিলেন।