মানহীন শিক্ষা, নেই জবাবদিহিতা
সিলেট সিটি করপোরেশনের ভেতরে প্রতিষ্ঠিত অধিকাংশ কোচিং সেন্টারের শিক্ষার মান নিম্নমুখী। শিক্ষা প্রশাসনের কোনো ধরনের তদারকি, নিবিড় পরিদর্শন ও পর্যবেক্ষণ না থাকায় এসব প্রতিষ্ঠানে শিক্ষার মানের কোনো উন্নয়ন হচ্ছে না। শিক্ষার্থী ও শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, অধিকাংশ কোচিং সেন্টারে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের যোগ্যতা কিংবা মান নিশ্চিত করছে না। অদক্ষ ও অযোগ্য লোকদের দিয়ে শিক্ষার্থীদের পাঠদান করছে। ফলে শিক্ষার্থীরা টাকা খরচ করেও এসব প্রতিষ্ঠান থেকে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। তবে কোচিং সেন্টার পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা দাবি করেন, কোচিং সেন্টারের পড়াশোনার মান নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। অনুসন্ধানে জানা গেছে, বিভিন্ন কোচিং সেন্টার শিক্ষার্থীদের নিজেদের প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য নানামুখী প্রচারণা সারা বছর চালিয়ে যায়। এসব প্রচারণার মধ্যে লিফলেট বিতরণ, দেয়ালে পোস্টার সাঁটানো থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান ও নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার-ফেস্টুন পর্যন্ত টানাচ্ছে। কোচিং সেন্টারগুলোর বাহারি প্রচারণায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মেডিকেলের অধ্যাপক ও মেধাবী শিক্ষার্থীরা শিক্ষক হিসেবে পাঠ কার্যক্রম পরিচালনা করেন বলে জানানো হয়। কিন্তু অধিকাংশ কোচিং সেন্টারে অদক্ষ ও অযোগ্য লোকেরাই প্রতিষ্ঠান চালাচ্ছেন। এ ছাড়া ক্লাস পরীক্ষা, মডেল টেস্ট নিয়মিত করার কথা থাকলেও বাস্তবে তা হচ্ছে না। অথচ এ বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে ঠিকই মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে কোচিং সেন্টারগুলো। কয়েকটি কোচিং সেন্টার ঘুরে দেখা গেছে, এসব প্রতিষ্ঠানের ভাড়া করা কক্ষগুলো টাইলস দিয়ে মোড়ানো রয়েছে। দামি কাচ ও বাহারি রঙের সমাহার দেখে এক দেখায় যে কেউ মুগ্ধ হতে বাধ্য। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘বাহারি বিজ্ঞাপনের ফাঁদে পড়ে একটি নামীদামি কোচিং সেন্টারে ভর্তি হয়েছি। কিন্তু এখানে শিক্ষার যে মান কিংবা পাঠদানের যা পদ্ধতি, তা একেবারেই মেনে নেওয়ার মতো নয়। তবে বিকল্প না থাকায় আমাকে এখানেই পড়তে হচ্ছে।’