মানা হচ্ছে না মূল্যতালিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিনির সংকট কিছুটা কেটেছে। নির্ধারিত দরে বিক্রির পাশাপাশি অনেক দোকানে এখনো চিনি চড়া দামে বিক্রি হচ্ছে।রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল, পলাশী বাজারসহ বিভিন্ন স্থানে গতকাল শনিবার মূল্যতালিকা অনুযায়ী ৬৫ টাকায় চিনি বিক্রি করতে দেখা গেছে। তবে মোহাম্মদপুরের টাউন হল বাজার ও হাতিরপুল বাজারের কিছু দোকানে চিনি বিক্রি হয়েছে ৭০ থেকে ৭২ টাকায়। সরকারি বিপণন সংস্থা টিসিবি বলছে, গতকাল রাজধানীতে ৭০ টাকায় চিনি বিক্রি হয়েছে।এদিকে সরকারি নির্দেশের দ্বিতীয় দিনে বাজারের বেশির ভাগ দোকানেই নিত্যপণ্যের মূল্যতালিকা টাঙানো দেখা গেছে। তবে অনেক দোকানেই এই তালিকার চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করা হচ্ছে। বিশেষ করে, ছোলার ক্ষেত্রে এই চিত্র চোখে পড়েছে বেশি।সংকট কাটছে: বেশ কিছুদিন ধরেই বাজারে চিনি সরবরাহ করে আসছে সিটি গ্রুপ ও ইগলু। কিছু সরবরাহ করছে দেশবন্ধু। সপ্তাহ খানেক আগে চট্টগ্রামে চিনি উৎপাদন ও বিতরণ শুরু করেছে এস আলম। তবে মেঘনা ও পারটেক্সের উৎপাদন এখনো বন্ধ।সূত্র জানায়, সিটি গ্রুপ আগের চেয়ে বেশি পরিমাণে চিনি পরিবেশকদের কাছে বিক্রি করছে। সিটি গ্রুপের এখন প্রতিদিনের উৎপাদন এক হাজার ৭০০ থেকে এক হাজার ৮০০ টন। এত দিন সব পরিবেশককে চিনি না দিলেও এখন পুরো চিনিই তারা সবার কাছে সরবরাহ করছে। তবে ইগলুর উৎপাদনের অর্ধেক চিনিই চলে যাচ্ছে সরকারি প্রতিষ্ঠান চিনি ও খাদ্য শিল্প করপোরেশনে। সেটা বাজারে থাকলে সরবরাহ আরও বাড়ত।বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতির সহসভাপতি আবুল হাশেম প্রথম আলোকে বলেন, চিনির সরবরাহ পরিস্থিতি আগের চেয়ে ভালো। তবে সরবরাহ আরও বাড়ানো প্রয়োজন। মেঘনা যদি পূর্ণ ক্ষমতায় চিনি সরবরাহ শুরু করতে পারে, তাহলে সংকট পুরোপুরি কেটে যাবে।চিনি ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হাবিব প্রথম আলোকে বলেন, আইসক্রিম, বেভারেজ, সেমাই, জুসসহ কয়েক ধরনের প্রতিষ্ঠানে প্রতিদিন ৪০০ টন চিনির প্রয়োজন হতো। সরকারি নির্দেশে ওই সব প্রতিষ্ঠানে চিনি সরবরাহ না করায় বাজারে সরবরাহ বেড়ে গেছে।চিনি ও খাদ্য শিল্প করপোরেশনও এক মাসে ডিলারদের বেশ কিছু চিনি সরবরাহ করেছে। করপোরেশন সূত্র জানায়, জুলাই থেকে এ পর্যন্ত সারা দেশে সংস্থার চার হাজার ১০০ ডিলারকে ৩৭ হাজার ৩০০ টন চিনি সরবরাহ করা হয়েছে। এর মধ্যে রোজা শুরুর পর দেওয়া হয়েছে ১৭ হাজার ৩০০ টন। ডিলারদের ৫৩ টাকা কেজি দরে এই চিনি দেওয়া হয়।মানা হচ্ছে না মূল্যতালিকা: রাজধানীর কয়েকটি বাজারে মূল্যতালিকা টাঙাতে দেখা গেছে। তালিকায় চিনি ৬৫ টাকায় বিক্রির কথা বলা হলেও মোহাম্মদপুরের টাউন হল, হাতিরপুলসহ বিভিন্ন স্থানে গতকাল চিনি বিক্রি হয়েছে ৭০ থেকে ৭২ টাকায়।চিনি ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হাবিব অবশ্য বলছেন, কোনোভাবেই এখন ৬৫ টাকার বেশি দামে চিনি বিক্রি হওয়ার কথা নয়। মিলগেটে ৬০ টাকায় বিক্রি হওয়া চিনি খুচরা বাজারে ৬৫ টাকায় বিক্রি করা সম্ভব। অধিক মুনাফার জন্য কিছু দোকানি বেশি দামে চিনি বিক্রি করছেন। এ ক্ষেত্রে সরকারি তদারকি বাড়ানোর কথা বলেন তিনি।মূল্যতালিকা অনুযায়ী ৬৫ টাকায় ছোলা বিক্রি হওয়ার কথা। কিন্তু সাধারণ মানের অস্ট্রেলিয়ার ছোলাই বিক্রি হচ্ছে এর চেয়ে বেশি দামে। সর্বনিম্ন ৬৮ টাকায় বিক্রি হচ্ছে এই ছোলা। দোকানিরা এর সর্বোচ্চ দাম হাঁকছেন ৭৫ টাকা পর্যন্ত।ছোলা বেশি দামে কেন বিক্রি করছেন—এই প্রশ্নের জবাবে কয়েকজন দোকানি জানান, এখনো তাঁদের ৬৪ থেকে ৬৫ টাকায় ছোলা কিনতে হয়। পাইকারিতে না কমলে নির্ধারিত দামে ছোলা বিক্রি করা সম্ভব নয়। এত দিন মিয়ানমারের উন্নতমানের ছোলা বিভিন্ন দোকানে সাজানো থাকলেও মূল্যতালিকা টাঙানোর পর অনেক দোকানিই তা লুকিয়ে রাখছেন। ক্রেতারা এলে তা বের করে দেখান, তবে দাম চান ৯০ থেকে ৯৫ টাকা।