মানামায় বিক্ষোভ দমনে পুলিশের অভিযান
বাহরাইনের দাঙ্গা পুলিশ আজ বুধবার রাজধানী মানামায় সরকারবিরোধীদের বিরুদ্ধে সকাল থেকে অভিযানে নেমেছে। রাজনৈতিক সংস্কারের দাবিতে মানামার পার্ল স্কয়ারের অস্থায়ী শিবির গড়ে সরকারবিরোধীরা গত কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ চালাচ্ছিল।বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী পার্ল স্কয়ারের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। মানামা থেকে বিবিসির সংবাদদাতা কলিন হাওলে জানিয়েছেন, পার্ল স্কয়ার থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে। তবে হতাহতের খবর তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।বার্তা সংস্থা রয়টার্স প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, পার্ল স্কয়ারের আকাশে হেলিকপ্টার উড়ছে। এ ছাড়া দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ারগ্যাস ছুড়ছে। জবাবে বিক্ষোভকারীরাও পুলিশে দিকে পেট্রল বোমা নিক্ষেপ করছে।গতকাল মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে দুজন নিহত হয়। বাহরাইনের বাদশা শেখ হামাদ বিন ঈসা আল খলিফা গতকাল বিক্ষোভ দমনে সামরিক আইন জারি করেন। এর এক দিন পরই পার্ল স্কয়ারে অভিযান শুরু করল নিরাপত্তা বাহিনী। এ ছাড়া বিক্ষোভ দমনে বাহরাইনকে সহযোগিতা করতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সেনা পাঠিয়েছে। তবে আজকের অভিযানে বিদেশি সেনারা অংশ নিয়েছেন কি না, তা জানা যায়নি।