মানাস থেকে বালু উত্তোলন
রংপুরের হারাগাছে মানাস নদ থেকে শ্যালোমেশিন লাগিয়ে অবাধে বালু তোলা হচ্ছে। এতে করে সেখানকার আবাদি জমিসহ রাস্তাঘাট হুমকির মুখে পড়েছে।সরেজমিনে জানা গেছে, জেলার কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের ধুমগাড়া এলাকায় মানাস নদ থেকে অবাধে বালু তোলা হচ্ছে। জাহাঙ্গীর হোসেন নামের স্থানীয় এক ব্যক্তি বালু তুলছেন। নদীর মধ্যস্থানের তলদেশ থেকে শ্যালোমেশিন দিয়ে বালু তোলায় সেখানকার আবাদি জমি ও সড়ক হুমকির মুখে পড়েছে।এলাকাবাসীর অভিযোগ, এর আগে গত বছর খরা মৌসুমে এখান থেকেই বালু তোলা হচ্ছিল। নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে তা বন্ধ করা হয়। কিন্তু গত দুই মাস যাবত্ নতুন করে একই স্থান থেকে আবারও বালু তোলা হচ্ছে। ফলে পার্শ্ববর্তী একটি সড়ক ভাঙনের মুখে পড়েছে। সেই সঙ্গে আবাদি জমিও ভেঙে যেতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা করছে। স্থানীয় শিক্ষক আনিছুর রহমান জানান, ইচ্ছেমতো যেভাবে বালু তোলা হচ্ছে, তা দেখার যেন কেউ নেই। এ অবস্থা চলতে থাকলে পার্শ্ববর্তী সড়কটি একসময় হয়তো ভেঙে যাবে।স্থানীয় ব্যবসায়ী নইমুল ইকরাম জানান, জাতীয় সম্পদ রক্ষার দায়িত্ব সবার। কিন্তু কে শোনে কার কথা। বালু উত্তোলনকারী জাহাঙ্গীর হোসেন বলেন, ‘কেউ কখনো নিষেধ করেনি বলেই বালু তুলছি। এ ছাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানও জানেন বিষয়টি।’ এদিকে হারাগাছ ইউপি চেয়ারম্যান আবুল হোসেন বলেন, ‘বালু উত্তোলনের বিষয়ে আমি কিছুই জানি না, আর আমাকে কেউ জানায়নি।’ কেউ বালু উত্তোলন করে থাকলে সেটি পুরোপুরি অবৈধ বলে তিনি মন্তব্য করেন। কাউনিয়া উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমি বিষয়টি গুরুত্ব সহকারে দেখব।’