মানাসলু অভিযানে যাচ্ছেন মুহিত-নিশাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীর অষ্টম উচ্চতম পর্বতশৃঙ্গ নেপালের মানাসলু অভিযানে যাচ্ছেন বাংলাদেশের দুই পর্বতারোহী। তাঁরা হলেন এভারেস্ট বিজয়ী এম এ মুহিত ও নারী অভিযাত্রী নিশাত মজুমদার। ২০ সেপ্টেম্বর তাঁরা নেপালের উদ্দেশে যাত্রা করবেন। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। এম এ মুহিত জানান, মানাসলু পর্বতের উচ্চতা ৮ হাজার ১৬৩ মিটার। এটি পৃথিবীর চতুর্থ বিপজ্জনক পর্বতশৃঙ্গ বলে তিনি জানান। এ পর্যন্ত ৪৫০ জন এ শৃঙ্গ জয় করেছেন, আর জয় করতে গিয়ে পথে মারা গেছেন ৮০ জন। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান ও হোসেন জিল্লুর রহমান এ অভিযানে সাফল্য কামনা করে তাঁদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দেন।