মানি লন্ডারিং রোধে ইসি-বাংলাদেশ ব্যাংক চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানি লন্ডারিং, ভুয়া তথ্য দিয়ে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট খোলা ও অর্থনৈতিক লেনদেনে অস্বচ্ছতা প্রতিরোধে জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার ব্যবহার করতে পারবে বাংলাদেশ ব্যাংক। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে এ-সংক্রান্ত সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ব্যাংক। ইসি সচিবালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়।এর আগে গতকাল বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে একই রকম চুক্তি স্বাক্ষর করে নির্বাচন কমিশন। চুক্তি স্বাক্ষর শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেন, এ প্রক্রিয়া চালু হলে ঋণখেলাপিদের দ্রুত চিহ্নিত করা যাবে এবং জাতীয় নির্বাচনে উপযুক্ত প্রার্থী নির্বাচনে সহায়ক ভূমিকা পালন করবে। একই সঙ্গে তথ্যভান্ডার ব্যবহার করে বেনামে একাধিক অ্যাকাউন্ট খোলা-সংক্রান্ত সৃষ্ট সমস্যা মোকাবিলা করা যাবে। শেয়ারবাজারে একাধিক বিও অ্যাকাউন্ট খোলার প্রবণতা বন্ধ হবে।বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, এ চুক্তির মাধ্যমে ইসির তথ্যভান্ডার ব্যবহার করে প্রকৃত উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণ করা যাবে। মানি লন্ডারিং প্রতিরোধ এবং অর্থনৈতিক লেনদেনে স্বচ্ছতা আনা যাবে।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন ও বাংলাদেশ ব্যাংকের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।