মানিক মিয়া অ্যাভিনিউয়ে আজ ‘আলপনায় বৈশাখ’
বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়ে বছরের শেষ রাতে এবারও রাজপথে আঁকা হবে সুবিশাল আলপনা। আজ শনিবার রাত ১১টায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে বাংলার ঐতিহ্যবাহী অঙ্কনরীতিতে বিশাল এই আলপনা আঁকার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাতভর আলপনা আঁকার এই কর্মসূচি সবার জন্য উন্মুক্ত থাকবে।জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার শওকত আলী সন্ধ্যা সাতটায় মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারটেল ও প্রথম আলোর যৌথ উদ্যোগে আয়োজিত ‘আলপনায় বৈশাখ-১৪২০’ নামের এই অঙ্কনযজ্ঞের উদ্বোধন করবেন। এর সহযোগিতায় রয়েছে বার্জার পেইন্টস। এই আয়োজনে সার্বিক সহযোগিতা করছে জাতীয় সংসদ সচিবালয়। উদ্বোধনের পর আয়োজন সম্পর্কে বলবেন বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী, সাংসদ আসাদুজ্জামান নূর, মনিরুজ্জামান, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারটেল ও বার্জারের প্রতিনিধিরা। এরপর রাত ১১টায় শুরু হবে রং-তুলি নিয়ে অঙ্কনে মেতে ওঠার পালা। এ বছর মানিক মিয়া অ্যাভিনিউয়ের উভয় পাশে ছয় রঙে আলপনা আঁকা হবে। জ্যেষ্ঠ শিল্পীদের তত্ত্বাবধানে মোট ১৬টি দলে ভাগ হয়ে আঁকা হবে। প্রতিটি দলে থাকবেন অঙ্কনে সিদ্ধহস্ত ১৭ থেকে ২০ জন শিল্পী। এ আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের (ইউডা) চারুকলা বিভাগের ২৩০ জন শিক্ষার্থী এবং নবীন-প্রবীণ শিল্পীরা আলপনা আঁকবেন। তাঁরা সড়কের একেকটি অংশে অঙ্কন করবেন। তাঁদের সঙ্গে অঙ্কনে পারদর্শী যে কেউ অংশ নিতে পারবেন। আয়োজন সবার জন্য উন্মুক্ত। তবে পুরো আয়োজন নির্ধারিত শিল্পীদের তত্ত্বাবধানে হবে। এই আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করছে এশিয়াটিক ৩৬০ মার্কেটিং কমিউনিকেশন ও প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা।প্রসঙ্গত, গত বছরও পয়লা বৈশাখের আগের রাতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘আঁকব আমরা, দেখবে বিশ্ব’ শীর্ষক আলপনা অঙ্কন উৎসবের আয়োজন করা হয়েছিল।