মানিক মিয়া স্বর্ণপদক ২০১০ পেয়েছেন সিরাজুদ্দীন হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনকে দেরিতে হলেও স্বীকৃতি দিতে এগিয়ে এসেছে মানিক মিয়া ফাউন্ডেশন। মানিক মিয়া স্বর্ণপদক-২০১০ পেয়েছেন সিরাজুদ্দীন হোসেন (মরণোত্তর)। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে অধ্যাপক খান সরওয়ার মুরশিদ আনুষ্ঠানিকভাবে সিরাজুদ্দীন হোসেনের স্ত্রী নূরজাহান সিরাজীর গলায় লাল ফিতায় বাঁধা স্বর্ণপদকটি পরিয়ে দেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান তফাজ্জল হোসেন মানিক মিয়ার ছেলে মইনুল হোসেন তাঁর হাতে তুলে দেন এক লাখ টাকার চেক ও সম্মাননাপত্র। অনুষ্ঠানের প্রধান অতিথি খান সরওয়ার মুরশিদ বলেন, ‘পাকিস্তান আখ্যান সম্পর্কে যাঁরা জানেন, তাঁরা স্বীকার করবেন এই মেধাবী পুরুষ গোচরে-অগোচরে অনেক মূল্যবান বুদ্ধিবৃত্তিক কাজ করে গেছেন। তিনি ভেবে লিখতেন। কথা কম বলতেন। তাঁর মধ্যে যে সংযম ছিল, তা আজও আমাকে মুগ্ধ করে। তিনি স্বাধীনতার জন্য যে মূল্য দিয়েছেন, তা আমি দিতে পারিনি।’শহীদ সিরাজুদ্দীনকে একজন ‘সোনার মানুষ’ হিসেবে আখ্যায়িত করে অনুষ্ঠানের সভাপতি মইনুল হোসেন বলেন, ‘আমার বাবা মারা যাওয়ার পর ইত্তেফাকের সম্পাদক হিসেবে আমার নাম ছাপা হলেও মূলত তিনিই ছিলেন আসল সম্পাদক।’অনুষ্ঠানের শুরুতে শহীদ সিরাজুদ্দীন হোসেনের সাংবাদিকতা, মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা ও জীবনের বিভিন্ন দিক নিয়ে তৈরি একটি তথ্যচিত্র দেখানো হয়। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর রাতে বাসা থেকে আলবদর বাহিনী তাঁকে ধরে নিয়ে যায়। এরপর তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। অনুষ্ঠানে এই শহীদ সাংবাদিকের ছেলে সাংবাদিক শাহীন রেজা নূর বলেন, ‘প্রগতিবাদী সাংবাদিক, বুদ্ধিজীবীদের ভূমিকা সবই হারিয়ে গেছে। কেউ মনে রাখে না। মানিক মিয়া ফাউন্ডেশন মনে করেছে, সে জন্য ধন্যবাদ।’ অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সৈয়দ তোশাররফ আলী।অনুষ্ঠানে শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান, প্রবীণ সাংবাদিক এ বি এম মূসা, গোলাম সারওয়ার, রাহাত খান, সাইফুল বারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী, কর্নেল (অব.) সাজ্জাদ জহির প্রমুখ উপস্থিত ছিলেন।