মানিক-২ হাইব্রিড বীজধান সাতক্ষীরার কৃষকের কাল!
সাতক্ষীরায় মানিক-২ জাতের বোরো বীজধানে অঙ্কুরোদগম না হওয়ায় মাথায় হাত উঠেছে কৃষকের। ক্ষতিগ্রস্ত কৃষকেরা বীজ সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাতক্ষীরা ও তালা এলাকার কৃষকেরা ভালো ফলনের আশায় বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে ঢাকা সিদ্দিক সিডস্ প্রতিষ্ঠানের সরবরাহ করা হাইব্রিড মানিক-২ জাতের বীজধান ক্রয় করে। সাতক্ষীরার বড় বাজারের সাদিয়া সিড এই বীজধানের সাতক্ষীরার ডিলার। তালা উপজেলার পাটকেলঘাটার বীজ ভান্ডারের মালিক আহাদ আলী ঢাকার প্রধান কার্যালয় সিদ্দিক সিডস্ ও সাতক্ষীরা জেলার ডিলারের কাছ থেকে বীজ সংগ্রহ করেন। পরে এই বীজধান কেজি প্রতি ২৫০ টাকা মূল্যে কৃষকদের কাছে বিক্রয় করেন। নিয়ম অনুযায়ী অঙ্কুরোদগমের জন্য বীজধান তৈরি করে জমিতে দেওয়ার এক সপ্তাহ পরেও ধানের অঙ্কুরোদগম ঘটেনি। ফলে বোরো মৌসুমে বীজতলা তৈরি করার সময় প্রায় পার হয়ে যাওয়ায় চোখে-মুুখে আঁধার দেখছেন কৃষকেরা। হতাশার পাশাপাশি মানিক-২ জাতের এ বীজধানে অঙ্কুরোদগম না হওয়ায় ক্ষতিপূরণের দাবিতে সোচ্চার হয়েছেন অনেকে।সাতক্ষীরার তালা উপজেলার তৈলকুপি গ্রামের সাবেক ইউপি সদস্য রোকন সরদার জানান, প্রতি কেজি ২৫০ টাকা দরে ৫০ কেজি মানিক-২ ধানের হাইব্রিড ধানের বীজ কেনেন পাটকেলঘাটার আবদুল আহাদের বীজ ভান্ডার থেকে। তার ব্লকে চাষ করার জন্য একই এলাকায় মালেক শেখ, নূর মোহম্মদ গাজী ও নজরুল ইসলামসহ অনেকে ওই জাতের বীজধান কেনেন। তাঁরা নিয়ম অনুযায়ী বীজধান তৈরি করে জমিতে দিলেও অঙ্কুরোদগম হয়নি। বীজতলার অভাবে তাঁর ব্লকে জমি অনাবাদি থাকার সম্ভবনা রয়েছে। তালা উপজেলার মিঠাবাড়ী গ্রামের খোকন সরদার ৪০ কেজি ধানের বীজ কিনেছিলেন আহাদ আলীর মালিকাধীন বীজ ভান্ডার থেকে। একটি ধানেরও অঙ্কুরোদগম না হওয়ায় তিনি বীজ সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন। চরম ক্ষুব্ধ ও হতাশাগ্রস্ত একই এলাকার দুলাল মণ্ডল, আলমগীর হোসেনসহ অনেকে। উপজেলার খলিষখালী গ্রামের তবিবর রহমান আহাদ আলীর বীজ ভান্ডার থেকে কেনা বীজ মানিক-২ এর অঙ্কুরোদগম না হওয়ার ব্যাপারে ঢাকার সিদ্দিক সিডসের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা বললে তিনি অসৌজন্যমূলক আচারণ করছেন বলে অভিযোগ করেছেন। সাতক্ষীরা সদর উপজেলার বিনের পোতা এলাকার কৃষক রমজান আলী ও মিজানুর রহমানসহ অনেক কৃষকই অভিযোগ করেছেন মানিক-২ জাতের হাইব্রিড বীজধান কিনে তাতে অঙ্কুরোদগম হয়নি। ফলে তাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। সাতক্ষীরা তালা উপজেলা পাটকেলঘাটা এলাকার বীজ ভান্ডারের মালিক ও সাব ডিলার আহাদ আলী জানান, ঢাকার সিদ্দিক সিডসে্র কাছ থেকে মানিক-২ জাতের হাইব্রিড বীজধান কিনে তিনি সমস্যায় পড়েছেন। ধানে অঙ্কুরোদগম না হওয়ায় তিনিও হারিয়েছেন কৃষকের আস্থা। তিনি তালা উপজেলার পাটকেলঘাটা এলাকায় প্রায় এক টন মানিক-২ জাতের ধান কৃষকদের কাছে বিক্রি করেছেন। অধিকাংশ কৃষকই অভিযোগ করছেন, ওই বীজে অঙ্কুরোদগম হচ্ছে না। বিষয়টি ঢাকায় সিদ্দিক সিডসে জানানো হয়েছে। তারা কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা না করলে তাদের আদালতের আশ্রয় নেওয়া ছাড়া উপায় থাকবে না।/মানিক-২ জাতের বীজধানের ডিলার সাতক্ষীরা বড় বাজারের সাদিয়া সিডসের মালিক হোসেন আলী জানান, তিনি চলতি মৌসুমে এক হাজার ৩২০ কেজি মানিক-২ জাতের বীজধান বিক্রি করেছেন। এর অধিকাংশই পাটকেলঘাটা এলাকায়। পাটকেলঘাটা এলাকায় সরবরাহ করা অধিকাংশ বীজে অঙ্কুরোদগম হয়নি। তবে অন্য এলাকায় ভালো না হলেও ৬০-৭০ শতাংশ বীজে অঙ্কুরোদগম হয়েছে। ঢাকা থেকে বীজ সরবরাহকারী প্রতিষ্ঠানকে বিষয়টি জানানো হয়েছে। তারা ক্ষতিপূরণ হিসেবে কিছু বীজ কৃষকদের দেবে বলে জানিয়েছে।তালা উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল হক জানান, পাটকেলঘাটা এলাকায় কয়েকজন কৃষক তার কাছে অভিযোগ করেছেন। বিষয়টি তিনি সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।ঢাকা সিদ্দিক সিডসের ব্যবস্থাপক হাবিবুর রহমান জানান, তাঁরা এ বীজ চীন থেকে আমদানি করেছেন। দেশের ৩৬টি জেলায় মানিক-২ জাতের বীজধান সরবরাহ করেছেন। তবে অন্য কোনো জেলার কৃষকদের কাছ থেকে অভিযোগ পাওয়া যায়নি। ৬০ থেকে ৭০ শতাংশ বীজে অঙ্কুরোদগম হয়েছে। তার পরও ওই জাতের বীজ সম্পর্কে অভিযোগ ওঠায় বিষয়টি চীনের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জানানো হয়েছে। ক্ষতিপূরণ হিসেবে তারা কৃষকদের দুই বস্তা (৮০ কেজি) বীজধান দিয়ে সহযোগিতা করবে।