মানিকগঞ্জ দুর্ঘটনা: তিনজনের পরিবারকে চেক দিলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানিকগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ জনের মধ্যে তিনজনের পরিবারকে দু’লাখ টাকার চেক দিয়েছেন।গত ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা বাসস্ট্যান্ডের কাছে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিশুক মুনীর নিহত হন। ওই দুর্ঘটনায় আরও নিহত হন মোহাম্মদ মোস্তাফিজ, মোহাম্মদ মোতালেব হোসেন অসীম ও জামাল মিয়া নিহত হন। দুর্ঘটনায় বিশিষ্ট শিল্পী ঢালি আল মামুন মারাত্মক আহত হন। প্রধানমন্ত্রী আজ মঙ্গলবার তাঁর সরকারি বাসভবন গণভবনে নিহত তিনজনের মধ্যে মোহাম্মদ মোস্তাফিজের বাবা ও স্ত্রীকে এক লাখ টাকা করে মোট দু’লাখ টাকার, মোহাম্মদ মোতালেব হোসেন অসীমের স্ত্রীকে ২ লাখ টাকার এবং জামাল মিয়ার মা ও স্ত্রীর হাতে এক লাখ টাকা করে মোট দু’লাখ টাকার চেক তুলে দেন। চেক হস্তান্তরের সময় প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং নিহতদের মা ও স্ত্রীকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন। চেক হস্তান্তরের সময় সাংসদ ফরিদুন্নাহার লাইলি, সাধনা হালদার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপ, আওয়ামী লীগ তথ্য ও গবেষণা সেলের প্রধান নির্বাহী মাহবুবুল হক শাকিল, প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব মোহাম্মদ মোহসীন মিয়া উপস্থিত ছিলেন। বাসস।