মানিকগঞ্জে অজ্ঞাত দুই যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া সেতুর কাছ থেকে আজ শনিবার সকালে উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয় দুই লাশের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম জয়নাল আবেদীন (৪০)। তিনি সাতক্ষীরার কলারোয়া থানার তুলসি গ্রামের আবু জাফরের ছেলে। নিহত ব্যক্তির ছোট ভাই জাহাঙ্গীর হোসেন খবর পেয়ে মানিকগঞ্জ সদর হাসপাতালে এসে জয়নালের লাশ শনাক্ত করেন। জাহাঙ্গীর জানিয়েছেন, তাঁর বড় ভাই একজন ট্রাকচালক। গত বৃহস্পতিবার তিনি সাতক্ষীরা থেকে পাথরবোঝাই ট্রাক নিয়ে নারায়ণগঞ্জের কাঁচপুরের দিকে রওনা হন। কী কারণে তাঁর ভাইকে খুন করা হয়েছে, সেটা তাঁর কাছে অস্পষ্ট বলে তিনি জানান।উল্লেখ্য, আজ সকাল সাড়ে সাতটার দিকে মানিকগঞ্জের ঘিওরের বালিয়াখাড়া সেতুর কাছ থেকে শ্বাসরোধ করে হত্যা করা দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অপর লাশের পরিচয় জানার জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান ঘিওর থানার উপ-পরিদর্শক (এসআই) লুত্ফর রহমান।