মানিকগঞ্জে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আহত ৭
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারী এলাকায় আজ বৃহস্পতিবার গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছে। আহত হয়েছে সাত ডাকাত।পুলিশ জানিয়েছে, আজ সকাল আটটার দিকে কয়েকজন ব্যবসায়ী ট্রলারযোগে যমুনা নদী দিয়ে সিরাজগঞ্জের বাঘাবাড়ী যাচ্ছিলেন। তাঁরা চরকাটারী এলাকায় পৌঁছালে আরেকটি ট্রলারে করে ১০-১২ জনের একদল ডাকাত তাঁদের ওপর হামলা চালায়। ব্যবসায়ীদের চিত্কারে আশপাশের গ্রামের লোকজন জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া করে। জনতা ডাকাত দলের নয় সদস্যকে ধরে গণপিটুনি দেয়। গণপিটুনিতে ঘটনাস্থলেই আক্তার ও টুকু নামে দুই ডাকাত মারা যায়। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় ডাকাত দলের সদস্য বাবুল, ছানোয়ার, আসব, মোতালেব, গোলাম আজম, মানিক ও আনোয়ার হোসেনকে পুলিশে সোপর্দ করে।দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত সাত ডাকাতকে দৌলতপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।