মানিকগঞ্জে গাছ পড়ে ট্রাকের চালক ও সহকারী নিহত
মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর এলাকার ঢাকা-আরিচা মহাসড়কে রাস্তার গাছ ভেঙে ট্রাকের ওপর পড়ে চালক ও তাঁর সহকারী নিহত হয়েছেন। আজ শনিবার রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।জানা গেছে, আজ ঝড়ের সময় ঢাকা-আরিচা মহাসড়কের মহাদেবপুর এলাকায় মানিকগঞ্জগামী একটি ট্রাকের ওপর রাস্তার পাশের একটি গাছ ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও তাঁর সহকারী মারা যান। এর পরপরই রাস্তার উভয় পাশেই যানচলাচল বন্ধ হয়ে যায়। রাত নয়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল।শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাস্তা থেকে ট্রাকটি সরানোর কাজ চলছে। লাশ দুটি এখনো ট্রাকেই আছে।এদিকে, প্রচণ্ড ঝড়ে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার, হেমায়েতপুর মধুমতী মডেল টাউন এলাকা ও রেডিও কলোনিসহ বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রীর জাতীয় স্মৃতিসৌধে আগমন উপলক্ষে নির্মাণ করা তোরণ ভেঙে পড়ায় মহাসড়কের আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত এলাকায় যান চলাচল বিঘ্নিত হচ্ছে। ফলে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। এ জন্য যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। হাইওয়ে পুলিশের সাভার ফাঁড়ির সার্জেন্ট কামাল পাশা তোরণ ভেঙে মহাসড়কে তীব্র যানজট ও যান চলাচল বিঘ্নিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।