মানিকগঞ্জে চালককে খুন করে গাড়ি ছিনতাই, গ্রেপ্তার ৫
ঢাকার অদূরে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় গতকাল শনিবার রাতে ভাড়ায় চালিত একটি প্রাইভেট কারের চালককে খুন করে গাড়ি নিয়ে পালানোর সময় পাঁচ ব্যক্তিকে আটক করেছে স্থানীয় পুলিশ।নিহত ওই ব্যক্তির নাম আওলাদ হোসেন (৪২)। তাঁর বাড়ি সিঙ্গাইর থানার গোলরা গ্রামে।আটক ব্যক্তিরা হলেন: জামাল হোসেন, মো. আবদুল, আবদুর রহিম, হায়দার আলী ও তামিম। তাঁদের বিরুদ্ধে গাড়ি ছিনতাই ও হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে সিঙ্গাইর থানার পুলিশ জানিয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, গতকাল রাত আটটার দিকে গোলরা গ্রামের আওলাদ হোসেনের একটি প্রাইভেট কার ভাড়া নেন জামাল হোসেন। আওলাদ নিজেই গাড়ি চালান।এরপর ওই প্রাইভেট কারে চড়ে জামাল, তাঁর চার সহযোগী আবদুল, রহিম, হায়দার ও তামিম আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে যান। সেখান থেকে তাঁরা আবার সিঙ্গাইরের উদ্দেশে রওনা দেন। আসার পথে হায়দার ও রহিম পেছন দিক থেকে চালকের গলায় রশি লাগিয়ে তাঁকে হত্যা করেন। আওলাদের লাশ সিঙ্গাইরের খাসেরচর এলাকায় ফেলে দিয়ে গাড়ি নিয়ে পালানোর সময় ঢাকা-আরিচা মহাসড়কের রাজ ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের অদূরে সাভার থানার পুলিশ তাঁদের আটক করে।সাভার থানার এসআই শহিদুল ইসলাম সরদার প্রথম আলো ডটকমকে জানান, কর্তব্য পালনের সময় ওই গাড়িটি মহাসড়কে বেশ কয়েকবার ঘোরাফেরা করতে দেখেন তিনি। এতে সন্দেহ হলে রাত ১২টার দিকে গাড়িটি আটক করে পাঁচ আরোহীকে জিজ্ঞাসাবাদ করা হয়। আটক ব্যক্তিরা প্রথমে অস্বীকার করেন। কিন্তু গাড়ির ভেতরে রক্ত দেখে তাঁদের আরও জিজ্ঞাসাবাদ করা হলে জামাল প্রকৃত ঘটনা খুলে বলেন। পরে বিষয়টি সিঙ্গাইর থানাকে অবহিত করলে তারা খাসেরচর থেকে আওলাদের লাশ উদ্ধার করে। গাড়ি ও আসামিদের সিঙ্গাইর থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে গাড়ি ছিনতাই ও হত্যা মামলার প্রস্তুতি চলছে।