মানিকগঞ্জে ডাকাতের হামলায় নিহত ১
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় ডাকাতের এলোপাতাড়ি কোপে একজন নিহত হয়েছে । নিহতের নাম আমিজউদ্দিন খান (৫৬)।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গতকাল রোববার রাত প্রায় দুইটার দিকে একদল ডাকাত বিন্নাডাঙ্গি গ্রামে আমিজউদ্দিনের বাড়িতে গ্রীল কেটে ঢুকে পড়ে। তারা ঢুকেই প্রথমে বাড়ির দুই ছেলে জাহাঙ্গীর ও আবুলকে বেঁধে ফেলে। এসময় গৃহকর্তা আমিজউদ্দিনের ঘুম ভেঙে গেলে তিনি গিয়ে ডাকাতদের বাধা দেন। বাধা পেয়ে ডাকাতরা আমিজউদ্দিনকে এলোপাতারি কোপাতে থাকে। ফলে আমিজউদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। ডাকাতদের কোপে আমিজউদ্দিনের ছেলে জাহাঙ্গীরও গুরুতর আহত হন। তাঁকে সাভারের গেন্দা মেটার্নিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মাহবুবুর রহমান জানিয়েছেন, হত্যাকাণ্ডটিকে স্রেফ ডাকাতি বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তিনি আরও বলেন, যেহেতু ডাকাতরা কোনও কিছু না নিয়ে কেবল আমিজউদ্দিনকে হত্যা করেছে, সেক্ষেত্রে পূর্ব শত্রুতার জের ধরেও এই ঘটনা ঘটার সম্ভাবনা আছে। পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখছে।