মানিকগঞ্জে দুই ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলার এলাচিপুর এলাকা থেকে আজ শুক্রবার দুই ব্যবসায়ীকে কুপিয়ে পৌনে তিন লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আহত ব্যবসায়ীদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন জেলার হরিরামপুর উপজেলার ধুসুরিয়া গ্রামের গরু ব্যবসায়ী জাবেদ আলী ও সালখাই গ্রামের আলাউদ্দিন।শিবালয় থানার পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুরে জাবেদ আলী ও আলাউদ্দিন দুই লাখ ৮০ হাজার টাকা নিয়ে গরু কিনতে মোটরসাইকেলে করে শিবালয়ের আরিচা গরুর হাটে যাচ্ছিলেন। দুপুর দেড়টার দিকে তাঁরা এলাচিপুর এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে ছয় ছিনতাইকারী তাঁদের গতিরোধ করে। এরপর তারা চাপাতি দিয়ে কুপিয়ে তাঁদের কাছ থেকে দুই লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এলাকার লোকজন তাঁদের উদ্ধার করে মানিকগঞ্জ হাসপাতালে ভর্তি করেন।এ ব্যাপারে জাবেদ আলীর আত্মীয় শাজাহান শিবালয় থানায় মামলা করেছেন। শিবালয় থানার উপপরিদর্শক (এসআই) ছাত্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছিনতাইয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারের চেষ্টা চলছে।