মানিকগঞ্জে নিহত চার, আহত অর্ধশত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার গোবিন্দল এলাকায় গতকাল রোববার হরতাল-সমর্থক ও গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন নারী, শিশু ও পুলিশের সদস্যসহ কমপক্ষে অর্ধশত। তাঁদের বেশির ভাগই গুলিবিদ্ধ হয়েছেন।এ ঘটনার প্রতিবাদে ধর্মভিত্তিক সমমনা দলগুলো আজ সোমবার মানিকগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে। বিএনপি ও জামায়াতে ইসলামী এ হরতালে সমর্থন দিয়েছে। সংঘর্ষের পর গোবিন্দল গ্রামে পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায়, আটটি ধর্মভিত্তিক দলের ডাকা গতকালের হরতালের সমর্থনে সকাল আটটার দিকে মানিকগঞ্জ-সিঙ্গাইর সড়কের গোবিন্দল বাসস্ট্যান্ডসহ ঘোনাপাড়া, বাইমাইল ও কাশিমনগর বাসস্ট্যান্ডে পিকেটিং শুরু হয়। সোয়া আটটার দিকে সিঙ্গাইর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মাজেদ খান দলীয় লোকজন নিয়ে কাশিমনগর বাসস্ট্যান্ডে গিয়ে পিকেটারদের ধাওয়া করে তাড়িয়ে দেন। হরতাল-সমর্থকেরা ধর্মের অবমাননার অভিযোগ তুলে গ্রামবাসীকে তাদের সঙ্গে যোগ দিতে বলে। পরে সবাই মিলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ধাওয়া করে। এ খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা সংগঠিত হয়ে সিঙ্গাইর উপজেলা সদরের বিএনপির কার্যালয়সহ দুটি দোকান ভাঙচুর করেন। এরপর তাঁরা লাঠিসোঁটা নিয়ে গোবিন্দল বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে হরতাল-সমর্থকদের ধাওয়া করেন। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে ও রাবার বুলেট ছোড়ে। এতে হরতাল-সমর্থকদের সঙ্গে থাকা কয়েকজন গ্রামবাসী আহত হন। পুলিশ জানায়, এর পর এলাকার বিভিন্ন মসজিদ থেকে মাইকে ধর্মের নামে উসকানি দিয়ে গ্রামবাসীকে জড়ো হওয়ার জন্য ডাক দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই লোকজন রামদা, টেঁটা ও বল্লম নিয়ে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঘিরে ফেলে হামলা চালায়। তারা পুলিশের একটি মোটরসাইকেলসহ চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এ সময় পুলিশ গুলি ছোড়ে। একপর্যায়ে গ্রামবাসী পিছু হটে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য খলিলুর রহমানসহ কয়েকজন জানান, গুলিতে আলমগীর হোসেন (৩৫), শাহ আলম (২০), নাজিমুদ্দিন (২৮), নাসির উদ্দিন (২৮), মো. লিটন (১০), নওয়াব আলী (১২), হেলেনা আক্তার (১৮), মো. মামুন (১৮), আনোয়ার হোসেনসহ (৩৫) অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। তাঁদের মধ্যে আলমগীর, শাহ আলম ও নাজিমুদ্দিনকে সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। নাসির উদ্দিন মারা যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। আলমগীর, নাসির ও নাজিমুদ্দিনের বাড়ি গোবিন্দল গ্রামে। শাহ আলমের বাড়ি সিঙ্গাইরের জৈল্লা গ্রামে। আহত কয়েকজনকে সিঙ্গাইর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে গুলিবিদ্ধ ১০ জনকে। এ ছাড়া ঢাকার বিভিন্ন হাসপাতালে কয়েকজনকে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। নিহত নাসিরের বড় ভাই শহিদুল ইসলামসহ স্থানীয় কয়েকজন অভিযোগ করেন, আহত হেলেনা আক্তারকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে পুলিশ নাসিরের মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর নাসির মারা যান। হেলেনা নাসিরের ভাবি। নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাঁরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তবে খেলাফত মজলিসের মানিকগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিন দাবি করেন, নাসির উদ্দিন তাঁর দলের সিঙ্গাইর সদর ইউনিয়নের সহসভাপতি ছিলেন। সাভার থানা থেকে জানা যায়, সাভারের এনাম হাসপাতালে আহত ১০ জনকে ভর্তি করতে আসা আট ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক একজনের নাম জামাল মিয়া। জামাল জানায়, সে এসএসসি পরীক্ষার্থী। আজ সোমবার তার পরীক্ষা আছে। আহত এক আত্মীয়কে দেখতে হাসপাতালে এলে তাকে আটক করে পুলিশ। মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আলী মিয়া জানান, জামায়াত-শিবিরসহ ইসলামি সমমনা দলগুলোর নেতা-কর্মীদের সঙ্গে মিলে গ্রামবাসী পুলিশকে ঘিরে ফেলে ইটপাটকেল নিক্ষেপ ও গুলি করতে থাকেন। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। জামায়াত-শিবিরের ছোড়া গুলিতে বেশ কয়েকজন আহত হন। তাঁদের মধ্যে চারজন মারা যান। হামলায় সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলীসহ পুলিশের ১০ থেকে ১২ জন সদস্য আহত হয়েছেন। মানিকগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এতে গোবিন্দল গ্রামের চার-পাঁচ হাজার ব্যক্তিকে আসামি করা হবে। হরতাল আহ্বানকারী ধর্মভিত্তিক দলগুলোর ‘ইসলামী দলসমূহ’-এর ব্যানারে পাঠানো এক বিবৃতিতে দাবি করা হয়, সিঙ্গাইরে পাঁচজন নিহত হয়েছেন। এর প্রতিবাদে মানিকগঞ্জ জেলায় আজ সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে।জামায়াতের প্রতিবাদ: সিঙ্গাইরে হতাহতের ঘটনার প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ।পৃথক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান সরকার অভিযোগ করেন, ইসলামি দলগুলোর নেতাদের নামে মিথ্যা মামলা করা হয়েছে। এসব মামলায় লক্ষাধিক লোককে আসামি করে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। তিনি গত শুক্রবার চাঁদপুরে জাতীয় পতাকায় অগ্নিসংযোগ ও সিলেটে শহীদ মিনারে হামলার অভিযোগ অস্বীকার করেন।