মানিকগঞ্জে পরিবারের সাত সদস্যকে অচেতন করে লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সাঁটুরিয়া উপজেলায় একই পরিবারের সাতজনকে অচেতন করে নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুটে পালিয়ে গেছেন এক কৃষিশ্রমিক। উপজেলার গরজনা গ্রামে গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে।অচেতন ব্যক্তিরা হলেন—মোস্তফা কামালের মা রোজিনা বেগম (৭৫), স্ত্রী মর্জিনা বেগম (২৫), দুই যমজ মেয়ে রিমা (৮) ও সীমা, ভাই সুলতান হোসেন (৩৫), ভাইয়ের স্ত্রী নাসিমা বেগম (২৫) ও ছেলে রাশেদুল (৯)।মোস্তফা কামালের আরেক ভাই লুত্ফর রহমান জানান, তাঁর ভাই সুলতান হোসেন তিন দিন আগে মানিকগঞ্জ থেকে একজন কৃষিশ্রমিককে ধানকাটার জন্য বাড়িতে আনেন। এরপর গতকাল রাত সাড়ে সাতটার দিকে সুলতান ওই শ্রমিককে নিয়ে স্থানীয় দিমুখা বাজারে যায়। দিমুখা বাজার থেকে দেড় লিটার জুস কিনে ওই শ্রমিকের মাধ্যমে বাড়িতে পাঠিয়ে দেয়। রাত নয়টার দিকে সুলতান বাড়ি ফিরলে পরিবারের সবাই মিলে জুস খায়। জুস খাওয়ার পর সবাই অচেতন হয়ে পড়ে। আজ মঙ্গলবার ভোর ছয়টার দিকে ডাকতে গিয়ে দেখা যায় ঘরের দরজা খোলা, দুটি স্টিলের আলমারি ভাঙা এবং সাতজন অচেতন অবস্থায় পড়ে আছে।লুত্ফর রহমানের দাবি, ওই শ্রমিক জুসের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তাদের অচেতন করে। এরপর আলমারি ভেঙে নগদ ৬০ হাজার টাকা, ১৪ ভরি স্বর্ণ এবং চারটি মোবাইল ফোনসেট নিয়ে পালিয়ে যান। আজ সকাল ১০টার দিকে অচেতন ব্যক্তিদের সাঁটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের কারও জ্ঞান ফেরেনি। তবে অচেতন ব্যক্তিরা শঙ্কামুক্ত বলে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সা কর্মকর্তা পৃত্তীশ কুমার দত্ত জানান।