মানিকগঞ্জে পুলিশ-ছাত্রদল কর্মী সংঘর্ষে আহত ১০, আটক ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে ছাত্রদলের একপক্ষের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় আজ শনিবার অন্তত ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ৩০ জনকে আটক করেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক সাংসদ হারুনর রশীদ খান মুন্নুর সমর্থক ছাত্রদলের নেতা-কর্মীরা বেলা ১১টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করে। অপরদিকে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সমর্থকেরা জেলা আইনজীবী মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে। আজ বেলা দেড়টার দিকে মিলনায়তনের সামনে থেকে তারা মিছিল বের করে। ছাত্রদলের অপরপক্ষের সঙ্গে তাদের ঝামেলা হতে পারে বিবেচনা করে পুলিশ ওই মিছিলটি আর সামনে না নেওয়ার অনুরোধ করে। মিছিলে থাকা ছাত্রদলের নেতা-কর্মীরা এ অনুরোধ না মেনে সামনে এগোতে থাকলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ মিছিলকারীদের লাঠিপেটা করে। মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় বিক্ষুব্ধ ছাত্রদল নেতা-কর্মীরা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ৩০ জনকে আটক করে থানায় নিয়ে যায়। মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।