মানিকগঞ্জে বাস-টেম্পোর মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাচুরিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে গতকাল শনিবার দুপুরে যাত্রীবাহী বাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। হতাহতদের সবাই টেম্পোর যাত্রী।নিহত ব্যক্তিরা হলেন: মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ছোট কালিয়াকৈর গ্রামের মোহন মিয়া (৫০), একই গ্রামের জহুরা বেগম (৭০), জাহানারা বেগম (৬০), মনোয়ারা বেগম (৬০), রোকেয়া বেগম (৩৫), নূরজাহান বেগম (৫২) ও শাহাতন বেগম (৫০)।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে টেম্পোটি দুমড়ে-মুচড়ে রাস্তার ওপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই টেম্পোর পাঁচজন যাত্রী নিহত হন। পরে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোহন মিয়া ও রোকেয়া বেগম।হাসপাতাল সূত্র জানায়, এ ঘটনায় গুরুতর আহত সাতজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাঁরা হলেন: টেম্পোচালক মো. দানেজ (৩৫), ফাতেমা বেগম (৫০), মোকছেদ আলী (৬০), সাহেরা খাতুন (৩০), মাজেদা বেগম (৪০), করিমন বেগম (৪০) ও সাবিহা বেগম (৫৫)। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দানেজ, সাহেরা, ফাতেমা ও সাবিহাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।পুলিশ ও হতাহতদের স্বজনেরা জানান, গতকাল সিঙ্গাইর উপজেলার গেড়াদিয়া বাসস্ট্যান্ড থেকে টেম্পোটি ভাড়া করে ছোট কালিয়াকৈর গ্রামের ১৩ জন যাত্রী শিবালয় উপজেলার কাকরোল গ্রামে এক কবিরাজের বাড়ি যাচ্ছিলেন। পথে পাচুরিয়া এলাকায় দুর্ঘটনা ঘটে।বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ইকবাল বাহার বলেন, সৌহার্দ্য পরিবহনের ওই চালক দুর্ঘটনাস্থল থেকে প্রায় চার কিলোমিটার দূরে মহাসড়কে বাসটি ফেলে পালিয়ে যান। পরে পুলিশ বাসটি আটক করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।