মানিকগঞ্জে বাসের চাপায় শিশু ছাত্রী নিহত, ২ ঘণ্টা সড়ক অবরোধ
মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে আজ শনিবার সকালে বাসের চাপায় সোমা আক্তার (৭) নামের এক স্কুলছাত্রী মারা গেছে। এরপর বিক্ষুব্ধ জনতা দুর্ঘটনাস্থলে গতিরোধক নির্মাণের দাবিতে দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে। এতে যান চলাচল বন্ধ হয়ে গেলে যাত্রীরা দুর্ভোগে পড়ে। নিহত সোমা ঘিওর উপজেলার বৈন্যাপ্রসাদ গ্রামের বিল্টু মিয়ার মেয়ে এবং জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্রী। ঘিওর থানার পুলিশ জানায়, আজ সকাল ১০টার দিকে সোমা মহাসড়ক পার হচ্ছিল। এ সময় দ্রুতগামী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা দুর্ঘটনাস্থলে গতিরোধক নির্মাণের দাবিতে জোকা এলাকায় মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। পরে ঘিওর থানার পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গতিরোধক নির্মাণের আশ্বাস দিলে ১২টার দিকে জনতা অবরোধ তুলে নেয়। ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান দুর্ঘটনায় স্কুলছাত্রীর মৃত্যু এবং দুই ঘণ্টা মহাসড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন। পরে যান চলাচল স্বাভাবিক হয় বলেও তিনি জানান।