মানিকগঞ্জে ভবনে ফাটল, বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সিদ্দিক খান সুপার মার্কেট নামের বিপণি কেন্দ্রের ভবনে আজ শুক্রবার ফাটল দেখা গেছে। এরপর স্থানীয় প্রশাসন সেখানে সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে। চারতলা ওই ভবনটিতে একটি তৈরি পোশাক কারখানা, ব্যাংক, সরকারি প্রতিষ্ঠানসহ অর্ধশতাধিক দোকান ও অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। স্থানীয় প্রশাসন ও কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভবনটির তৃতীয় তলায় সোয়েটার ডেল লিমিটেড নামের পোশাক কারখানা রয়েছে। আজ বেলা ১১টার দিকে ওই তলার কয়েকটি স্তম্ভ ও মেঝেতে ফাটল দেখে কারখানার শ্রমিকেরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় তাঁরা হুড়োহুড়ি করে বের হয়ে আসেন। এ ঘটনায় কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করে। সোয়েটার ডেল লিমিটেডের উৎপাদন-ব্যবস্থাপক মো. সায়েম মিয়া সাংবাদিকদের জানান, কারখানাটিতে ৩০০ শ্রমিক কাজ করেন। আজ বেলা ১১টার দিকে কয়েকজন শ্রমিক ভবনের তৃতীয় তলার তিনটি স্তম্ভে ও মেঝেতে ফাটল দেখতে পান। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে।ভবনের মালিক মোরশেদ খান বলেন, ‘ভবনে ফাটলের কথা জানতে পেরেছি। প্রশাসনের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম মোস্তফা কামাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, চারতলা ওই ভবনে অবস্থিত প্রতিষ্ঠানগুলোর সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ প্রকৌশলী দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করানোর পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।