মানিকগঞ্জে মাহফুজুরের বিরুদ্ধে মামলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করার অভিযোগে আজ মঙ্গলবার এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের বিরুদ্ধে মানিকগঞ্জে মানহানির মামলা হয়েছে। মামলাটি আমলে নিয়ে বিচারক এম এ সাঈদ তাঁকে আগামী ২৮ সেপ্টেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।বেলা ১১টায় সুলতানুল আজম খান নামের এক ব্যক্তি বাদী হয়ে মানিকগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এ মামলা করেন। তিনি জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক। মামলায় অভিযোগ করা হয়, মাহফুজুর রহমান গত ৩০ মে লন্ডনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বাচাল’ আখ্যায়িত করে বক্তব্য দেন। ২৫ জুন একুশে টিভিসহ বেশ কয়েকটি টিভি চ্যানেলে তা প্রচার করা হয়। প্রধানমন্ত্রী সম্পর্কে এ ধরনের বক্তব্য শিষ্টাচারবহির্ভূত ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের শামিল।এর আগে একই অভিযোগে মাহফুজুর রহমানের বিরুদ্ধে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, পিরোজপুর, গোপালগঞ্জেও মামলা হয়েছে।