মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুড়ি এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে গরু বহনকারী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ওই বাসযাত্রীর নাম হামিদ মিয়া (৬০)। এ ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। আজ বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর দেড় ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। বেলা একটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। বরঙ্গাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার খান প্রথম আলো ডটকমকে জানান, এনএনবি পরিবহনের যাত্রীবাহী একটি বাস পাটুরিয়া যাচ্ছিল। পথে ঘিওর উপজেলার বানিয়াজুড়ি সেতুর ওপর বিপরীত দিক থেকে আসা গরু বহনকারী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের অন্তত ১৬ জন আহত হন। আহত যাত্রীদের মানিকগঞ্জ সদর হাসপাতাল ও মুন্নু জেনারেল হাসপাতালে নেওয়া হয়। মানিকগঞ্জ সদর হাসপাতালে হামিদ মিয়ার মৃত্যু হয় বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান। এ ছাড়া সেতুর মাঝখানে দুর্ঘটনায় পড়া বাস ও ট্রাক আটকে গেলে দুই দিকে যানজটের সৃষ্টি হয়। পরে সড়ক ও জনপথ বিভাগের রেকার দিয়ে ওই দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।