মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঘিওর-বানিয়াজুড়ী সড়কের শিমুলিয়া মোড়ে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী সঞ্জয় রাজবংশী (২৫), তাঁর চাচাতো ভাই স্বপন রাজবংশী (৩০) ও মোটরসাইকেলের চালক বানিয়াজুড়ী এলাকার কাজিমুদ্দিন (৪০)। আজ রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে।ঘিওর থানা সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘিওর উপজেলার নালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে সদস্য পদে প্রার্থী হয়েছিলেন গাংডুবি গ্রামের সঞ্জয় রাজবংশী।সঞ্জয় রাজবংশী আজ তাঁর চাচাতো ভাই স্বপন রাজবংশীকে নিয়ে ঘিওর উপজেলা পরিষদে মনোনয়নপত্র জমা দিতে যান। মনোনয়নপত্র জমা দিয়ে একটি ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে তাঁরা বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি ঘিওর-বানিয়াজুড়ী সড়কের শিমুলিয়ার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই সঞ্জয় রাজবংশী নিহত ও অন্য দুজন আহত হন। পরে আহত অবস্থায় স্বপন ও কাজিমুদ্দিনকে ঘিওরে মুন্নু জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সকেরা কাজিমুদ্দিনকে মৃত ঘোষণা করেন এবং স্বপনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করেন। মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় সন্ধ্যার দিকে স্বপনের মৃত্যু হয়।ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি আটকের চেষ্টা করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।