মানিকগঞ্জে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে আজ সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ১৪৪ ধারা জারি হয়েছে। আজ রেড ক্রিসেন্ট মানিকগঞ্জ শাখার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই প্যানেলের অভ্যন্তরীণ কোন্দল বেড়ে যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। নির্বাচনে সেক্রেটারি পদে প্রার্থী ছিলেন সদর আওয়ামী লীগের সভাপতি জালালউদ্দিন আহমেদ। তিনি মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিমের সমর্থিত প্যানেলের সদস্য। সহসভাপতি পদে একই প্যানেলের জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হায়দার আলী প্রার্থী ছিলেন। এ দিকে সেক্রেটারি পদে আরেক প্রার্থী ছিলেন স্থানীয় সাংসদ জাহিদ মালেকের সমর্থিত প্যানেলের জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ইসরাফিল হোসেন। দলীয় সূত্রে জানা গেছে, সেক্রেটারি পদে দুই প্যানেলের দুই প্রার্থী নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েন। গতকাল শুক্রবার রাতে তাঁরা সমঝোতা বৈঠকে বসেন। বৈঠকে ইসরাফিলকে সেক্রেটারি নির্বাচিত করতে চাপ দেওয়া হয়। প্রতিপক্ষ তা মেনে নেয়নি। রাতে কামরুল হুদা সমর্থিত প্যানেল নির্বাচন হবে ও সাংসদ জাহিদ সমর্থিত প্যানেল নির্বাচন হবে না বলে মাইকিং করতে থাকে। মানিকগঞ্জ জেলা প্রশাসক জি এম সালেহউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রেড ক্রিসেন্টের নির্বাচনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়েছে তাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় ১৪৪ ধারা জারি হয়েছে।