মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার ছবি সম্বলিত একটি বিলবোর্ড ভাঙচুরের ঘটনায় পুলিশ আজ রোববার দুপুরে আওয়ামী লীগের তিন নেতাকে আটক করেছে। ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রথম আলোকে জানান, তাদেরকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এখনো তাঁদের বিরুদ্ধে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আটক হওয়া নেতারা হলেন, বানিয়াজুরি ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, যুগ্ন সম্পাদক আলমাস উদ্দিন বিশ্বাস ও বানিয়াজুরি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য প্রদীপ মন্ডল।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গতকাল শনিবার রাত আড়াইটার দিকে গোলাম রাব্বানী, আলমাস উদ্দিন বিশ্বাস, প্রদীপ মন্ডল ও সাভার থানার উপ পরিদর্শক (এসআই) রুহুল ইসলাম বানিয়াজুরি বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনির সামনে অবস্থিত ওই বিলবোর্ড ভাঙচুর করে। একপর্যায়ে তারা বানিয়াজুরি বাজারের দোকান ব্যবসায়ীদের নিয়োগ করা নৈশপ্রহরী হেলালউদ্দিন ও শুকুর আলীকে ডেকে বিলবোর্ডটি পানিতে ফেলে দিতে বলে। নৈশপ্রহরীরা এতে রাজি না হওয়ায় আওয়ামী লীগ নেতারা তাঁদেরকে মারধর করেন ।নৈশপ্রহরীকে মারধরের প্রতিবাদে আজ বানিয়াজুরী বাজারের দোকানদাররা দোকান বন্ধ করে বিক্ষোভ মিছিল করেন। বানিয়াজুরী বাজার বণিক কমিটির সভাপতি দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেছেন, আওয়ামী লীগের উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানোর পর বাজার কমিটির কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতারা গোলাম রাব্বানী, আলমাস উদ্দিন বিশ্বাস ও প্রদীপ মন্ডলকে নিয়ে সমঝোতা বৈঠকে বসে। কিন্তু বৈঠকে সমঝোতা না হওয়ায় পুলিশ তাঁদেরকে আটক করেছে।