মানিকগঞ্জের সাটুরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের সাটুরিয়ায় আজ শুক্রবার সকালে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আটজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়। উপজেলার নয়াডিঙ্গি এলাকায় সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। এঁরা হলেন—ধামরাই উপজেলার শ্রীরামপুরের আলেয়া বেগম (৪০), একই উপজেলা সুলধর গ্রামের সোলাইমান কবির, সোয়াপুর গ্রামের লিয়াকত আলীর স্ত্রী মমতাজ বেগম (৪২) ও তাঁর বোন রাজিয়া আক্তার (১৭), লিয়াকত-মমতাজ দম্পতির ছেলে মোশাররফ হোসেন (১২) ও মেয়ে রীমা আক্তার (৮) এবং সাটুরিয়া উপজেলার পানাইজুড়ি গ্রামের লুত্ফর রহমানে ছয় বছর বয়সী ছেলে সোহেল।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে নয়াডিঙ্গিতে মানিকগঞ্জগামী পল্লীসেবা পরিবহনের একটি বাসের সঙ্গে ধামরাইগামী বালুবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় নিহতদের বাড়ি নয়াডিঙ্গির আশপাশের এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে নিহতদের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ নিয়ে যায়। ধানপোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রব জানান, নিহতদের আত্মীয়-স্বজনেরা আটটি লাশ নিয়ে গেছে। মানিকগঞ্জের পুলিশ সুপার মাসুদ করিম বলেন, ‘আমাদের কাছে সাত-আটজনের মৃত্যুর খবর আছে। খোঁজখবর নিয়ে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।’ তিনি জানান, নিহতের স্বজনেরা ঘটনাস্থল থেকে লাশ নিয়ে গেছে।