মানিকছড়িতে আদিবাসী খুন
জমিসংক্রান্ত বিরোধের জের ধরে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় থুই প্রু মারমা (৪২) নামের এক আদিবাসী খুন হয়েছেন। আজ শুক্রবার সকালে তাঁর জবাই করা লাশ উদ্ধার করা হয়। পুলিশ এ ঘটনায় একজনকে আটক করেছে।থুই প্রু মারমা মানিকছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ওয়াকছড়ি গ্রামের বাসিন্দা।নিহতের স্ত্রী ফুলুমা মারমা ও প্রতিবেশীরা জানায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে মুখোশধারী সাত-আটজন সন্ত্রাসী বাড়ির দরজা ভেঙে থুই প্রু মারমাকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় পরিবারের সদস্যরা বাধা দিলে তাদের মারধর করা হয়। আজ সকালে পরিবারের লোকজন বাড়ির কাছে ওয়াকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন ধানখেতের আইলের ওপর তাঁর জবাই করা লাশ দেখতে পায়। পরে গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।পুলিশ ফুলুমা মারমার দেওয়া তথ্যের ভিত্তিতে ক্যাপ্রু মারমা ওরফে আবু তাহেরকে আটক করেছে। ক্যাপ্রু নিহত থুই প্রু মারমার ভাগনে।মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন এ ঘটনায় একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।