মানিকজোড়
খেলাধুলায় যমজদের কৃতিত্বের ইতিহাস কম নেই। বব ও মাইক ব্রায়ানকে রাখা যায় সেই তালিকার শীর্ষে। নিজেদের এমন এক উচ্চতায় নিয়ে এসেছেন, যুক্তরাষ্ট্রের দুই ভাই এখন টেনিস কোর্টে নামা মানেই যেন ইতিহাস। গত ৩১ জুলাই যেমন নিজ শহর লস অ্যাঞ্জেলেসের ফারমারস ক্লাসিকের ফাইনালে উঠেই নতুন করে লেখালেন দ্বৈতের ইতিহাস। দুই ভাইয়ের এটা ছিল শততম এটিপি ট্যুর ফাইনাল। পরদিন ফাইনাল জিতে গড়লেন ৬২টি দ্বৈতের শিরোপা জয়ের নতুন রেকর্ড। এ বছরের গোড়ার দিকে দুজনে গড়েছেন ছয় শ ম্যাচ জয়ের রেকর্ডও।১৯৭৮ সালের ২৯ এপ্রিল দুই মিনিট আগে-পরে জন্মেছেন দুভাই। মাইক দুই মিনিটের বড়, বব আবার ৩ সেন্টিমিটার বেশি লম্বা। দুই ভাইকে একসঙ্গে বলা হয় ‘দ্য ব্রায়ানস’। মা ক্যাথি ব্রায়ান টেনিস খেলোয়াড় ছিলেন, বাবা ওয়েন আইন ব্যবসার পাশাপাশি ছিলেন টেনিস প্রশিক্ষক। দুই ভাইয়ের হাতে টেনিস র্যাকেট তুলে দেওয়া হয়েছিল দোলনায় থাকতেই। ছয় বছর বয়সেই একটা অনূর্ধ্ব-১০ টুর্নামেন্ট জিতে দুজনের যাত্রা শুরু। জুনিয়র সার্কিটে দুজনের শিরোপা ছাড়িয়েছে সেঞ্চুরি। এককে খেলার কথা তাঁরা ভাবতেই পারেন না। কারণ, ছেলেবেলায় বাবা-মা তাঁদের কখনোই এককে খেলতে দেননি। দুজনের বোঝাপড়াটাও তাই দুর্দান্ত। একজন আরেকজনের শ্বাস-প্রশ্বাসও নাকি বুঝতে পারেন। পেশাদার সার্কিটে তাঁরাই একমাত্র জুটি, যাঁদের র্যাকেটের মডেল, ওজন, স্ট্রিং সবই হুবহু এক।দুই ভাইয়ের অর্জনের খতিয়ান দিতে বসলে শেষ হবে না। শুরুতে তো কয়েকটি বলাই হয়েছে। এর বাইরেও আছে দ্বৈতে টানা সাতটি গ্র্যান্ড স্লামের ফাইনাল খেলার রেকর্ড। গ্র্যান্ড স্লাম ফাইনাল খেলেছেন মোট ১৬ বার, আইটিএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছেন ছয়বার, এর মধ্যে পাঁচটিই আবার টানা। এটিপি ‘টিম অব দ্য ইয়ার’ হয়েছেন রেকর্ড পাঁচবার। টেনিস ইতিহাসের সবচেয়ে বেশি দর্শক হয়েছে ২০০৪ সালে স্পেনের সেভিয়ায় তাঁদের এক ম্যাচে। বাবার সঙ্গে মিলে দুই ভাই একটা ব্যান্ডও গড়েছেন, যেখানে বব বাজান কি-বোর্ড, মাইক ড্রামস আর বাবা ওয়েন বাজান গিটার।যেভাবে এগোচ্ছেন, ক্যারিয়ার শেষের আগে দ্বৈতের সব রেকর্ড হয়তো সবার ধরাছোঁয়ার বাইরেই নিয়ে যাবেন ‘দ্য ব্রায়ানস’। আরিফুল ইসলাম