মানিকদীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদীতে গত সোমবার গভীর রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আজগর আলী (৩৫) নামে একজন নিহত হয়েছেন। র্যাবের দাবি, আজগর মানিকদী এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তবে তাঁর স্বজনেরা দাবি করেছেন, তিনি ইটভাটা ও মাছের খামারের ব্যবসা করতেন।গতকাল মঙ্গলবার র্যাব সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দিবাগত রাত পৌনে দুইটায় র্যাব-৪ জানতে পারে, কয়েকজন সন্ত্রাসী অপরাধ সংঘটনের জন্য মানিকদীতে জড়ো হয়েছে। এই তথ্যের ভিত্তিতে র্যাব-৪-এর তিনটি অভিযান দল ওই এলাকায় যায়। রাত সোয়া দুইটার দিকে মানিকদী চৌধুরী কুঞ্জের কাছে কয়েকজনকে রাস্তার পাশে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখা যায়। র্যাবের সদস্যরা চ্যালেঞ্জ করলে তারা এলোপাতাড়ি গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের একপর্যায়ে সন্ত্রাসীরা রাস্তার পাশের ঢাল দিয়ে অন্ধকারে পালিয়ে যায়। এর মধ্যে ক্যান্টনমেন্ট থানার পুলিশ ঘটনাস্থলে আসে। পরে স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় লোকজন গুলিবিদ্ধ ওই সন্ত্রাসীকে আজগর আলী বলে শনাক্ত করে। পুলিশের সহায়তায় রাত সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান ও রিভলবারের চারটি গুলি উদ্ধার করে।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত আজগর মানিকদীর শীর্ষস্থানীয় সন্ত্রাসী ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী। তিনি হত্যাসহ বিভিন্ন মামলার পলাতক আসামি। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্টনমেন্ট এলাকায় হত্যা, চাঁদাবাজি, ছিনতাই করে আসছিলেন।যোগাযোগ করা হলে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, হত্যা, চাঁদাবাজিসহ আজগরের বিরুদ্ধে থানায় চারটি মামলা আছে। তাঁর বিরুদ্ধে অনেক সাধারণ ডায়েরিও (জিডি) আছে।নিহত আজগরের ভগ্নিপতি বিল্লাল মিয়া গতকাল মর্গে দাবি করেন, সোমবার রাতে র্যাবের সদস্যরা আজগরকে বাসার সামনে থেকে ধরে নিয়ে যান। তিনি সন্ত্রাসী নন, ইটের ভাটা ও মাছের খামারের ব্যবসা করতেন। চার বছর আগে তাঁর বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় মামলা হয়েছিল।আজগর সপরিবারে মানিকদীতে থাকতেন। তাঁর বাবা মৃত ইদ্রিস আলী। তাঁর গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজারে।