মানুষ আ. লীগের নাম শুনলেই আঁতকে ওঠে: হান্নান শাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, দেশের জনগণ ভালো নেই। বর্তমান সরকার তার সন্ত্রাসী ও পোষা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে দেশে অরাজকতা চালিয়ে যাচ্ছে।আজ শনিবার বিকেলে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর হান্নান শাহ এ কথা বলেন। ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ছাত্রদলের সাবেক নেতা-কর্মীদের সংগঠন ডুয়েট প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির উদ্যোগে এ ফুল দেওয়া হয়।হান্নান শাহ বলেন, দেশে আজ কোথাও শান্তি নেই। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নাগালের বাইরে চলে গেছে। একের পর এক খুন-গুপ্ত হত্যাসহ নানা ধরনের সন্ত্রাসী কার্যক্রম চলছে। অথচ সরকার নির্লজ্জের মতো বলছে, দেশের মানুষ খুব ভালো আছে। মানুষ এখন আওয়ামী লীগের নাম শুনলেই আঁতকে ওঠেন।হান্নান শাহ আরও বলেন, সরকার ও দলীয় লোকদের খেয়ালখুশি মতো চলার কারণে জনজীবন আজ বিপর্যস্ত। নিজেদের ব্যর্থতা ঢাকতে ও লাগামহীন অনিয়ম-দুর্নীতি করতে সরকার জাতীয়তাবাদী শক্তিকে শেষ করার চক্রান্তে নেমেছে। কিন্তু কোনোভাবেই সরকারের অসত্ উদ্দেশ্য বাস্তবায়িত হবে না। শিগগির জনগণকে সঙ্গে নিয়ে সব অপকর্মের জবাব দেওয়া হবে।সংগঠনের সভাপতি এ কে এম জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাব) মহাসচিব হারুন উর রশিদ, রিয়াজুল ইসলাম, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইয়েদুল হক প্রমুখ।