মানুষ উপকৃত হলে সামাজিক ব্যবসা চলবে: ড. ইউনূস
নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মানুষ যদি উপকার না পায় তাহলে সামাজিক ব্যবসা বন্ধ হয়ে যাবে। আর মানুষ উপকৃত হলে সামাজিক ব্যবসা চলতে থাকবে। এটি কারও ‘সার্টিফিকেটের’ ওপর নির্ভর করবে না। ইউনূস বলেন, অনেকে সামাজিক ব্যবসা সম্পর্কে না জেনেই এটি নিয়ে সমালোচনায় মুখর হয়ে উঠেছেন। জাতিসংঘের সোশ্যাল বিজনেস ডে উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীর সোনারগাঁ হোটেলে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানের উদ্বোধনী বক্তৃতায় মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন। একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত প্রতিবেদনে ইউনূস আরও বলেন, মানুষের সৃষ্টিশীলতাকে কাজে লাগাতেই সামাজিক ব্যবসা। মানুষের সমস্যা সমাধানে অবদান রাখছে বলেই সামাজিক ব্যবসার প্রসার ঘটেছে। আজ দিনব্যাপী অনুষ্ঠানে দেশি-বিদেশি উদ্যোক্তারা অংশ নেন। বক্তারা বলেন, সামাজিক ব্যবসাকে লাভের দৃষ্টিকোণ থেকে না দেখে সামাজিক দায়বদ্ধতা থেকে বিবেচনা করতে হবে। তাহলেই সমাজ এ থেকে উপকৃত হবে।