সরকারের দুই বছর হওয়ার বিষয়টি মনে করিয়ে দিয়ে মন্ত্রীদের আরও দ্রুত কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সরকারের দুই বছর শেষ হতে যাচ্ছে। এখন সবাই ফল দেখতে চাইবে। মানুষ সরকারকে সমালোচনার দৃষ্টিতে দেখবে। তাদের কাছে জবাবদিহি করতে হবে। তাই বেশি কাজ করতে হবে, আরও মনোযোগী হতে হবে।কয়েকটি নির্ভরযোগ্য সূত্র জানায়, গতকাল রোববার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বৈঠকে সরকারের এক বছরের (২০০৯-১০) কাজের অগ্রগতি ও মূল্যায়ন করা হয়। প্রতিটি মন্ত্রণালয়ের কাজের প্রতিবেদন বৈঠকে পেশ করা হয়।বৈঠক সূত্র জানায়, প্রধানমন্ত্রী প্রতিটি মন্ত্রণালয়কে মাসে একবার পর্যালোচনা বৈঠক করার নির্দেশ দেন। পর্যালোচনা বৈঠকে সিদ্ধান্ত বাস্তবায়ন হলো কি না, তা দেখতে হবে। সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করতে হবে।নাশকতার আশঙ্কা: বৈঠক সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচারকাজ শুরু হওয়ায় নাশকতার আশঙ্কা প্রকাশ করেন। তিনি মন্ত্রিসভার সদস্যদের সতর্ক করে বলেন, যুদ্ধাপরাধীদের বিচারকাজ শুরু হয়েছে। জামায়াত ও সালাউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা বিভিন্ন এলাকায় নাশকতা করতে পারে। এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। শুধু গোয়েন্দা সংস্থার ওপর নির্ভর করলে চলবে না। নিজেদেরও উদ্যোগ থাকতে হবে, অপচেষ্টা ব্যর্থ করতে হবে।সূত্র জানায়, প্রধানমন্ত্রী বৈঠকে বলেন, হা-মীম গ্রুপের পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ধরন দেখে তা অন্তর্ঘাতমূলক কাজ মনে হয়েছে। শর্টসার্কিট থেকে আগুন লাগলে এত দ্রুত ছড়াত না। দ্রুত আগুন ছড়ানোয় তা নাশকতা মনে হচ্ছে। তিনি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। একই সঙ্গে এ ঘটনায় গান পাউডার ব্যবহার করা হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখার নির্দেশ দেন।হরতালে রাজপথে থাকার দরকার নেই: সূত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, রাজপথে হরতালবিরোধী মিছিল বা অবস্থান নেওয়ার দরকার নেই। নেতা-কর্মীরা রাজপথে থাকলে মানুষের মনে ভয়ের উদ্রেক হতে পারে। তিনি বলেন, হরতালের নামে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটালে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সূত্র জানায়, প্রধানমন্ত্রী বৈঠকে বলেন, মন্ত্রী-এমপির আত্মীয়স্বজনকে পৌরসভা নির্বাচনে প্রার্থী করা যাবে না। আত্মীয়স্বজন প্রার্থী হলে ফল ভালো হবে না। নেতা-কর্মীরা হয়তো এখন কিছু বলবেন না কিন্তু নির্বাচনে জবাব দেবে। তাই দলের স্বার্থে এটা থেকে বিরত থাকতে হবে।প্রতিবেদন পেশ: বৈঠক সূত্র জানায়, গতকালের বৈঠকে সরকারের গত অর্থবছরের মন্ত্রণালয়ভিত্তিক কর্মকাণ্ডের প্রতিবেদন পেশ করা হয়। প্রতিবেদন অনুযায়ী সরকারের প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছরের সাফল্য বেড়েছে। প্রতিবেদনে বলা হয়, মাথাপিছু আয় ও জাতীয় উৎপাদন বেড়েছে। অপরাধের মাত্রা আগের চেয়ে কমেছে। সূত্র জানায়, গত অর্থবছরে ২৪ হাজার ৮৪১টি অপরাধ সংঘটিত হয়েছে। এর আগের বছরে অপরাধ ছিল ২৫ হাজার ৪২৫টি। অপরাধের মধ্যে খুন, ধর্ষণ, এসিড নিক্ষেপ, নারী নির্যাতন, ডাকাতি, রাহাজানির আলাদা হিসাবে দেখা যায়, প্রতিটি অপরাধই সরকারের প্রথম বছরের চেয়ে দ্বিতীয় বছর কমেছে। গত অর্থবছরে বন্দীর সংখ্যা ছিল ৭৬ হাজার ১০৫ জন। আগের অর্থবছরে বন্দী ছিল ৮৩ হাজার ৩৪৭ জন।সূত্র জানায়, সরকারের প্রথম বছরে আইন প্রণীত হয়েছে ৬৩টি। গত বছর আইন প্রণীত হয়েছে ৩৭টি। সরকার দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত এক কোটি ৮৮২টি কৃষি পরিবারকে কৃষি উপকরণ সহায়তা কার্ড দেওয়া হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির এক হাজার ৬২টি প্রকল্পের মধ্যে সমাপ্তযোগ্য প্রকল্প ৩৪৬টি এবং শেষ হয়েছে ২২২টি। গত অর্থবছরে ২৮ হাজার ৫০০ কোটি টাকার সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির মধ্যে ২৫ হাজার ৯০২ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হয়েছে। বাস্তবায়নের হার ৯১ শতাংশ। ব্রিফিং: বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, গত অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৬১ হাজার কোটি টাকা। আদায় হয়েছে ৬২ হাজার ১৯৭ কোটি টাকা। এ সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ১০ হাজার ৭৪৯ দশমিক ৭৪ মিলিয়ন ডলার। প্রবাসীদের আয় ১০ হাজার ৯৭৩ দশমিক ২০ মিলিয়ন ডলার।