মানুষ ও যানবাহনের চাপ নিতে পারছে না ঢাকা
ঢাকার পরিবহনব্যবস্থায় শিগগির নতুন কোনো অবকাঠামো যুক্ত হচ্ছে না। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর কিছু অবকাঠামো যেমন রাস্তা, ফুটপাত, উড়াল সড়ক, ওভারপাস তৈরির ঘোষণা দিলেও বছর পার হয়ে গেছে, এখন পর্যন্ত কোনোটারই কাজ শুরু হয়নি। অথচ প্রতিদিনই নগরে বাড়ছে দুই হাজার মানুষ। যুক্ত হচ্ছে শতাধিক নতুন যানবাহন।ঢাকা মেট্রোপলিটন উন্নয়ন পরিকল্পনার (ডিএমডিপি) প্রাক্কলন অনুসারে ২০১১ সালে ঢাকার জনসংখ্যা দাঁড়াবে এক কোটি ৪২ লাখ আট হাজার। এক হিসাবে, প্রতিদিন শহরে নতুন মানুষ যুক্ত হচ্ছে দুই হাজার ১৩৬ জন। কিন্তু এই বিপুল নগরবাসীর শহরের মধ্যে ও বাইরে চলাচলের জন্য যে অবকাঠামো বা সড়ক আছে, প্রয়োজনের তুলনায় তা খুবই কম।অথচ এই নগণ্য অবকাঠামোতে প্রতিদিনই নামছে শত শত নতুন গাড়ি ও রিকশা-ভ্যান। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) হিসাব অনুসারে, ২০০৮ সালের জুন থেকে ২০০৯ সালের জুন পর্যন্ত এক বছরে এই সংখ্যা ৩৭ হাজার ৭০৫।একই সঙ্গে শহরের পরিবহন অবকাঠামো উন্নয়ন ও যানবাহন ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সরকারি একাধিক সংস্থা। কার্যত এদের কারও সঙ্গে কারও সমন্বয় নেই। ফলে এক সংস্থা পদক্ষেপ নিলে আরেক সংস্থা তার প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়।বিশেষজ্ঞরা বলছেন, নতুন অবকাঠামো তৈরির কথা এক দশক ধরে আলোচিত হচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, দুটি ওভারপাস ও কয়েক কিলোমিটার রাস্তা ছাড়া শহরবাসী নতুন কিছুই চোখে দেখেনি। তাই অবকাঠামো নির্মাণের আগে প্রয়োজন দক্ষ নগর ট্রাফিক ব্যবস্থাপনা ও দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের জন্য শক্তিশালী কর্তৃপক্ষ।এ শহরের মানুষ ও যানবাহন: ডিএমডিপির প্রক্ষেপণ অনুসারে, এক দশকে ঢাকায় যুক্ত হয়েছে ৩০ লাখ মানুষ। আর ২০১৬ সালে ঢাকায় মোট জনসংখ্যা দাঁড়াবে প্রায় এক কোটি ৬০ লাখের মতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের গবেষণা অনুযায়ী, প্রতিবছর ঢাকায় যুক্ত হচ্ছে সাত লাখ ৮০ হাজার নতুন মানুষ।বিআরটিএর হিসাব অনুযায়ী, ঢাকায় যানবাহন আছে মোট পাঁচ লাখ ৮২ হাজার। এর মধ্যে প্রাইভেট কার, জিপ, ট্যাক্সিক্যাব ও মাইক্রোবাসের সংখ্যা দুই লাখ ১১ হাজার। মোটরসাইকেল দুই লাখ ১১ হাজার। বাস ও মিনিবাস আছে ১০ হাজারের ওপর এবং ট্রাকের সংখ্যা ২৮ হাজার। আরও আছে অটোরিকশা, হিউম্যান হলার, টেম্পো। এসব যানবাহনের বাইরে রিকশা-ভ্যান আছে পাঁচ-ছয় লাখ।সেন্টার ফর আরবান স্টাডিজের গবেষক সালমা এ শফি প্রথম আলোকে বলেন, ঢাকার পরিবহন সমস্যার সমাধান দু-এক বছরে নতুন অবকাঠামো করে সমাধান হবে না। তবে ব্যবস্থাপনার উন্নতি করে অনেকটা কমানো সম্ভব। তিনি বলেন, ট্রাফিক ব্যবস্থাপনার নামে নতুন করে লেন মেনে গাড়ি চালানোর নিয়ম আছে। কিন্তু বাসকে বাঁয়ে না দিয়ে দিয়েছে মাঝখানে। এতে ঝামেলা আরও বেড়েছে। মানুষের চলাচলের জন্য পর্যাপ্ত গাড়ি এমনকি ফুটপাত পর্যন্ত নেই। অধিকাংশ ফুটপাতই দখল হয়ে গেছে। সেগুলো দখলমুক্ত করতে হবে। শহরজুড়ে মানুষজন যেখানে-সেখানে গাড়ি দাঁড় করিয়ে রাখে। এটা বন্ধ করতে হবে।বাস্তব অবস্থা: বিশ্বব্যাপী নগর পরিবহনব্যবস্থা নিবিড়ভাবে চলার জন্য প্রধান সড়কগুলোতে ছয় ধরনের সুযোগ-সুবিধা রাখা হয়। এগুলো হচ্ছে বাস বে (বাস থামার জন্য রাস্তার পাশে বাড়তি স্থান), নির্দিষ্ট বাস স্টপ, ফুটপাত, স্বয়ংক্রিয় ট্রাফিক সংকেত বাতি, যথাযথ নিষ্কাশনব্যবস্থা ও সড়ক বাতি।ঢাকার রাস্তায় বাস বে ও বাস স্টপেজ নেই। যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানো-নামানো হয়। স্বয়ংক্রিয় ট্রাফিক বাতিও সচল নয়। ফুটপাতগুলো হকার বা দোকানপাটের দখলে। পানি নিষ্কাশনব্যবস্থা করুণ। এর সঙ্গে যুক্ত হয়েছে চালকদের ট্রাফিক আইন ভাঙার প্রতিযোগিতা আর উপচে পড়া মানুষের সড়ক ধরে চলাফেরা।ঢাকা সিটি করপোরেশনের হিসাব অনুযায়ী, রাজধানীর আয়তন ১৫৩ দশমিক ৮ বর্গকিলোমিটার। যানবাহন চলাচলের মতো উপযোগী সড়ক আছে প্রায় দুই হাজার ৩০০ কিলোমিটার। অর্থাত্ মোট আয়তনের প্রায় আট শতাংশ। বলা হয়ে থাকে, একটি শহরের পরিবহনব্যবস্থা ভালোভাবে চলতে হলে মোট আয়তনের অন্তত ২৫ শতাংশ রাস্তা থাকতে হয়। ঢাকা সমন্বিত পরিবহন সমীক্ষায় (ডিআইটিএস) বলা হয়েছে, গলি ও সরুপথ হিসাবে ধরলে ঢাকায় রাস্তা আছে মোট তিন হাজার কিলোমিটার।২০০৮ সালে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে উপস্থাপন করা এক গবেষণায় বলা হয়, ঢাকার রাস্তায় যান্ত্রিক-অযান্ত্রিক মিলে ৩০ ধরনের বাহন চলাচল করে। এসব বাহনের সর্বনিম্ন গতিবেগ পাঁচ কিলোমিটার এবং সর্বোচ্চ ৭০ কিলোমিটার। গতির এই তারতম্যের কারণে বেশি গতির যানবাহনগুলোর গতি কমে যাচ্ছে। ঢাকা আরবান পরিবহন প্রকল্পের (ডিইউটিপি) অধীন ২০০২ সালে একটি পার্কিং নীতিমালা প্রণয়ন করা হয়েছিল। কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি। সম্প্রতি নীতিমালাটি পরিমার্জন করে কার্যকর করতে বেসরকারি কয়েকটি সংস্থা থেকে সুপারিশ করা হয়। একটি খসড়াও তৈরি করা হয়। এরপর আর এগোয়নি।সমন্বয় নেই: ঢাকার পরিবহনব্যবস্থায় রাস্তা ও ওভারপাস তৈরির দায়িত্বে আছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি), সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। উড়াল সড়কের দায়িত্ব দেওয়া হয়েছে সেতু বিভাগকে এবং পাতালরেল স্থাপনের দায়িত্ব বাংলাদেশ রেলওয়ের। রাস্তা খোঁড়াখুঁড়ির জন্য ওয়াসা, ডেসা, টিঅ্যান্ডটি তো আছেই। অন্যদিকে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করছে ট্রাফিক পুলিশ। যানবাহনের নিবন্ধন এবং এ সংক্রান্ত নীতি তৈরি করছে যোগাযোগ মন্ত্রণালয় ও বিআরটিএ। এতগুলো সংস্থা ও প্রতিষ্ঠানের মধ্যে নেই কোনো সমন্বয়।১৯৯৭ সালে ঢাকা যানবাহন সমন্বয় বোর্ড (ডিটিসিবি) নামে একটি প্রতিষ্ঠান করা হয় সব সংস্থার সঙ্গে সমন্বয় করার জন্য। বর্তমান সরকার এই বোর্ডের কার্য এলাকা বাড়িয়ে নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুরসহ ঢাকার আশপাশের সাতটি জেলাকে অন্তর্ভুক্ত করে ম্যাস ট্রানজিট অথরিটি (এমটিএ) নামে একটি সংস্থা করার নীতিগত অনুমোদন দেয়।রেলক্রসিং: ঢাকায় রেলক্রসিং আছে ২০টি। এসব ক্রসিং দিয়ে দৈনিক গড়ে ৮০টি ট্রেন চলাচল করে। অধিকাংশ ট্রেনই চলে সকাল আটটা থেকে ১১টা এবং বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে। ডিএমপির হিসাব অনুযায়ী, প্রতিটি ট্রেন যাওয়ার সময় গড়ে পাঁচ মিনিট করে যান চলাচল বন্ধ থাকে। সেই হিসাবে, দিনে অন্তত সাত ঘণ্টা রেলক্রসিংয়ে যানবাহন আটকে থাকে।ঢাকা শহরের ভেতরের ছয়টি ব্যস্ত রেলক্রসিংয়ে ওভারপাস নির্মাণে গত বছর আগস্টে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) করে সড়ক ও জনপথ অধিদপ্তর। সেই প্রস্তাবের কোনো অগ্রগতি নেই।কর্তৃপক্ষ যা বলে: এসব বিষয়ে নগর পরিবহন ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত সংস্থার কর্তাব্যক্তিদের সঙ্গে কথা হলে তাঁরা জানান, প্রয়োজনীয় রাস্তা নেই। আবার ট্রাফিক ব্যবস্থাপনার জনবলও নেই। তাই আন্তরিকতা থাকলেও এর দ্রুত সমাধান নেই তাঁদের হাতে।ডিটিসিবির নির্বাহী পরিচালক মশিউর রহমান প্রথম আলোকে বলেন, গণপরিবহন কর্তৃপক্ষ এখনো কার্যকর হয়নি। এর জন্য আইন তৈরি হচ্ছে। প্রয়োজনীয় লোকবলের অভাবে ডিটিসিবি কার্যকর ভূমিকা রাখতে পারছে না বলে তিনি মন্তব্য করেন।যানজট সম্পর্কে ডিএমপির যুগ্ম কমিশনার (ট্রাফিক) সফিকুর রহমান প্রথম আলোকে বলেন, রাস্তা বাড়াতে না পারলে যানজট নিয়ন্ত্রণ সম্ভব নয়। এর পাশাপাশি প্রাইভেট কার আমদানি ও বিক্রির ওপর নিয়ন্ত্রণ আরোপের পরামর্শ দেন তিনি।বিশেষজ্ঞের মত: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রধান সারওয়ার জাহান প্রথম আলোকে বলেন, যে হারে ঢাকায় যানবাহন ও মানুষ যুক্ত হচ্ছে, বর্তমান অবকাঠামো দিয়ে তা ধারণ করতে পারবে না। নতুন করে প্রস্তুতি নেওয়ারও সময় নেই। এখন কাজ করতে হবে। মানুষ ও গাড়ি দুটোরই লাগাম টানতে হবে। ঢাকাকে নিয়ে ভাববে এমন শক্তিশালী কোনো অভিভাবক প্রতিষ্ঠান নেই। সেটা তৈরি করতে হবে এবং স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা ধরে এগোতে হবে।