মানুষ গুম হয়ে যাওয়া রাষ্ট্রের জন্য অশনিসংকেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি রাজনৈতিক দলের কর্মী বা প্রতিবাদী শিক্ষার্থী, যেই হোন না কেন তাঁরা প্রকাশ্য রাজপথে লাঞ্ছিত হচ্ছেন পুলিশের হাতে—প্রতিপক্ষ রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা। হঠাত্ করেই খোঁজ মিলছে না কারও কারও। সন্দেহ করা হচ্ছে গুপ্তহত্যা কি না? এসব নিয়ে গতকাল মঙ্গলবার প্রথম আলো অনলাইনের সঙ্গে কথা বলেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। এই আলাপচারিতায় উঠে এসেছে এসব নিয়ে তাঁর উদ্বেগের কথা।প্রথম আলো: ২২ সেপ্টেম্বর বিরোধী দলের হরতালে পুলিশের বুটের নিচে এক ব্যক্তিকে পিষ্ট হতে দেখা গেছে। মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে আপনি বিষয়টিকে কীভাবে মূল্যায়ন করছেন?মিজানুর রহমান: পুলিশের বুটের তলায় মানুষকে নিষ্পেষিত হওয়ার যে ছবি দেখেছি, তা সভ্য সমাজে কল্পনা করা যায় না। আইন প্রয়োগকারী সংস্থা আইন প্রয়োগ করবে, শক্তি প্রয়োগ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেটা তাকে আইনের মধ্যে থেকেই করতে হবে। আইন প্রয়োগ করতে গিয়ে নাগরিককে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। আইন রক্ষা করতে গিয়ে মানবিকতার বিপর্যয় ঘটানো যাবে না। এটাই আমাদের সংবিধানের মূল কথা। আর এ জন্যই আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। কেউ যদি রাষ্ট্রের ক্ষতি করে, প্রচলিত আইনে তার বিচারের ব্যবস্থা করা যেতে পারে। এতে কারও মানবিক মর্যাদা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা থাকে না। কিন্তু আইন রক্ষার নামে জনসমক্ষে পুলিশ তার বুটের নিচে মানবিকতাকে ভূলুণ্ঠিত করবে, এ যে ভয়ানক অপরাধ। কেউ যদি অপরাধীও হয়ে থাকে, তাতেও তাকে অমর্যাদা করার অধিকার পুলিশের নেই। এ ক্ষেত্রে পুলিশ অপরাধ করেছে। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য পুলিশের ওই কর্মীর বিরুদ্ধে শুধু বিভাগীয় ব্যবস্থা নিলেই চলবে না, দ্রুত ফৌজদারি ব্যবস্থা নেওয়া উচিত। কারণ তিনি নাগরিককে অশ্রদ্ধা করে দেশের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করেছেন, মানবাধিকারের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছেন।প্রথম আলো: সরকারপক্ষের কেউ কেউ বলছেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য পুলিশের ওই কর্মী এমন কাণ্ড ঘটিয়েছেন।মিজানুর রহমান: কেউ কেউ এমনটা বলছেন বটে, কিন্তু নৈতিক মানদণ্ডে এসব কথা আমলযোগ্য নয়। সত্য হলো পুলিশ নাগরিকের মর্যাদা ক্ষুণ্ন করেছে। হরতাল মানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার। এটি বিশ্বব্যাপী স্বীকৃত। আমাদের সংবিধানেও নাগরিককে এই অধিকার দেওয়া আছে। ঘটনাটি এ কারণেই তাত্পর্যপূর্ণ যে প্রধানমন্ত্রী যখন জাতিসংঘে শান্তির জন্য সর্বজনীন মডেল উপহার দিচ্ছেন, তখন তাঁর দেশের মাটিতে পুলিশের বুটের তলায় মানুষ পিষ্ট হচ্ছে—এ বড়ই বেমানান। তাঁর প্রস্তাব আমার কাছে ভালোই লেগেছে। তিনি মানবসত্তার মর্যাদার কথা তুলে ধরেছেন। কিন্তু সেই শান্তির কাজটি তাঁকে নিজের ঘর থেকেই আগে শুরু করতে হবে। অথচ হয়েছে উল্টো। তাঁর নিজের দেশেরই মানবিকতা ভূলুণ্ঠিত হচ্ছে।প্রথম আলো: অভিযোগ আছে হরতালকারীরা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে। মিজানুর রহমান: সেটাও অনুচিত কাজ। হরতালের নামে অন্যকে অমর্যাদাও করা যাবে না। নিজের অধিকার আদায় করতে গিয়ে অন্যকে অধিকার বঞ্চিত করা যাবে না। নিজের ক্ষমতা প্রয়োগ এবং অধিকার আদায় করতে গিয়ে অন্যকে অশ্রদ্ধা করা যাবে না। এটাও মানবতাবিরোধী।প্রথম আলো: এ বিষয়ে মানবাধিকার কমিশন কোনো পদক্ষেপ নিয়েছে কী?মিজানুর রহমান: আমাদের পক্ষ থেকে এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠানো হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে ব্যাপারেও জানতে চাওয়া হয়েছে।প্রথম আলো: ইদানিং অনেক জায়গায় মানুষ গুম হওয়ার ঘটনা ঘটছে। এ বিষয়ে আপনাদের কাছে কোনো অভিযোগ এসেছে?মিজানুর রহমান: বেশ কিছু অভিযোগ এসেছে। মানুষের হঠাত্ করে গুম হয়ে যাওয়ার ঘটনা একসময় দক্ষিণ আমেরিকায় দেখা যেত। এখন আমাদের দেশেও এটি হরহামেশা ঘটছে। এ ধরনের ঘটনা রাষ্ট্রের জন্য অশনিসংকেত। কারণ নাগরিককে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। নাগরিক যদি নিখোঁজ হয়ে যান, তাঁকে খুঁজে বের করে তাঁর আত্মীয়-স্বজনদের আশ্বস্ত করার দায়িত্বও রাষ্ট্রের। আর যদি গুম হয়ে যাওয়া ব্যক্তিকে খুঁজে পাওয়া না যায়, সেটা হবে রাষ্ট্রের চরম ব্যর্থতা। মানবাধিকার কমিশনের নিজস্ব জনবল কম। যে কারণে এখন এ বিষয়ে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। তবে অচিরেই কমিশনে নিজস্ব জনবল নিয়োগ দেওয়া হবে। তাঁদের আমরা প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন ধরনের অভিযোগ তদন্তের জন্য যোগ্য করে গড়ে তুলব। আশা করি, তখন গুম হওয়া বা গুম করার প্রবণতা কিছুটা হলেও হ্রাস পাবে।প্রথম আলো: আপনাকে অনেক ধন্যবাদ।মিজানুর রহমান: আপনাদেরও ধন্যবাদ।