ছাত্রলীগের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মানুষ ছাত্রনেতাদের ভালোবাসে না, ভয় করে: ওবায়দুল
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগে মানুষ ছাত্ররাজনীতিকে প্রশংসার দৃষ্টিতে দেখত। ছাত্রনেতাদের তারা সমীহ করত, ভালোবাসত। কিন্তু এখন আর ভালোবাসে না, ভয় করে। এই ভয়ের আবর্ত থেকে ছাত্রলীগকে বের করে নিয়ে আসতে হবে।আজ বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বাংলাদেশ ছাত্রলীগের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর এক সমাবেশে ওবায়দুল কাদের এসব কথা বলেন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগের এতে সভাপতিত্ব করেন।ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, দিনবদলের সনদ বাস্তবায়নের জন্য নিজেদের ভালোর জন্য প্রস্তুত করতে হবে। বই-খাতা-কলম হাতে নিয়ে দুর্নাম থেকে সুনামের ধারায় ফিরে আসতে হবে। তিনি বলেন, ৬৪ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস গুটিকয়েকের অপকর্মের কারণে কলঙ্কিত হতে পারে না।এর আগে গতকাল মঙ্গলবার রাত ১২টা এক মিনিট থেকে শুরু হয় দিবসের উদযাপন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে সংগঠনের কেন্দ্রীয় নেতারা ৬৪ কেজি ওজনের কেক কাটেন। এরপর সকাল আটটায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁরা।কর্মীদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত এবং ছাত্রলীগের দলীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় আজকের সমাবেশ। সমাবেশ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হতে রংবেরঙের ফেস্টুন-সজ্জিত বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের করা হয়। এটি অপরাজেয় বাংলা থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু এভিনিউয়ে গিয়ে শেষ হয়।কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান নেতারা।এদিকে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে দেখানো হয় মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘গেরিলা’।