মানুষ থেকে মানুষে এ রোগ ছড়ায় না দরকার সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যানথ্রাক্স বা তড়কা রোগ নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলেছেন, একটু সচেতন হলেই এ রোগ মোকাবিলা করা সম্ভব।সিরাজগঞ্জ জেলার সিভিল সার্জন নূরুল ইসলাম তালুকদার গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, মানুষ থেকে মানুষে এই রোগ ছড়ায় না। কাজেই ভয় পাওয়ার কিছু নেই। তিনি বলেন, মূলত গবাদিপশু থেকে এই রোগ ছড়ানোর আশঙ্কা থাকে। কেউ যদি আক্রান্ত গবাদিপশু, বিশেষ করে আক্রান্ত গরু জবাই করেন, কাটেন বা ধোয়ামোছা করেন কিংবা চামড়া ছাড়ান অথবা ওই গরুর মাংস খান, তাহলে তাঁর এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। কাজেই অ্যানথ্রাক্স রোগ থেকে বাঁচতে হলে একটিমাত্র সতর্কতা অবলম্বন করতে হবে; সেটি হলো রোগে আক্রান্ত গবাদিপশু জবাই করা, চামড়া ছাড়ানো বা মাংস কাটা কিংবা মাংস খাওয়া যাবে না।ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ দলের সদস্য রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও রোগ গবেষণা প্রতিষ্ঠান রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) কর্মকর্তা চিকিৎসক শফিকুর রহমান জানান অ্যানথ্রাক্স আক্রান্ত মানুষের লক্ষণের কথা। তিনি বলেন, কেউ এই রোগে আক্রান্ত হলে শরীরে জ্বর উঠবে। এরপর চামড়ায় লালচে দাগ উঠবে এবং ওই স্থান চুলকাবে। পরে আক্রান্ত স্থানে ফোসকা উঠবে, ফোসকার মাঝখানে পচনের মতো কালচে হবে। ফোসকার স্থানে পরে ব্যথামুক্ত ঘা হবে। এগুলো এই রোগের লক্ষণ।জেলা সিভিল সার্জন বলেন, কেউ এ রোগে আক্রান্ত হলে ভয়ের কিছু নেই। এ পর্যন্ত সিরাজগঞ্জে যাঁরা এ রোগে আক্রান্ত হয়েছেন, প্রত্যেকেরই চিকিৎসা চলছে এবং সবাই সুস্থ হওয়ার পথে। এ তো গেল মানুষের কথা। কিন্তু কোনো গবাদিপশু যদি আক্রান্ত হয়, তাহলে কী করতে হবে, কী করেই বা বোঝা যাবে যে গবাদিপশু অ্যানথ্রাক্স বা তড়কা রোগে আক্রান্ত হয়েছে? সিরাজগঞ্জের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ডিএলও) শফিউল ইসলাম বলেন, তড়কা গবাদিপশুর একটি সংক্রামক রোগ। এ রোগে জীবাণু দ্বারা সংক্রামিত খাদ্য খেয়ে পশু আক্রান্ত হয়। বর্ষাকালে নদী-নালার পানি ও জলাবদ্ধ জায়গায় ঘাস খেয়ে এ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।কী করে বোঝা যাবে গবাদিপশু এই রোগে আক্রান্ত হচ্ছে—এর উত্তরে শফিউল ইসলাম বলেন, কোনো গবাদিপশু এই রোগে আক্রান্ত হলে অত্যধিক জ্বর হয়। শ্বাসকষ্ট ও দাঁত কটকট করে। শরীরে লোম খাড়া হয়ে ওঠে। আক্রান্ত পশু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে, ওই পশুকে কিছুটা উত্তেজিত দেখাবে কিংবা নিস্তেজ হয়ে পড়তে পারে। এ ছাড়া খিঁচুনি হতে পারে। অবশেষে পশুটি মারা যায়। মৃত্যুর আগ মুহূর্তে বা পরে পশুর নাক-মুখ দিয়ে কালো রক্ত বের হয়। কোনো পশুর আক্রান্ত হওয়ার এসব লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে প্রাণিসম্পদ অফিসে যোগাযোগ করতে হবে।প্রাণিসম্পদ অধিদপ্তরের রাজশাহী বিভাগের উপপরিচালক ইব্রাহিম হোসেন বলেন, একটি বিষয় সবাইকে মনে রাখতে হবে, কোনোভাবেই অসুস্থ পশু জবাই করা মাংস খাওয়া যাবে না। মৃত পশু যেখানে-সেখানে ফেলে রাখা বা নদীতে ভাসিয়ে দেওয়া যাবে না। উঁচুস্থানে কমপক্ষে ছয় হাত গভীর গর্ত করে পুঁতে ফেলতে হবে। অসুস্থ পশুর মলমূত্র, রক্ত—এসবও গর্তে পুঁতে ফেলতে হবে বা পুড়িয়ে ফেলতে হবে। আক্রান্ত স্থান জীবাণুনাশক ওষুধ দিয়ে পরিষ্কার করতে হবে।