মানুষ বিএনপিকে ভোট দেওয়ার অপেক্ষায়: তৈমুর
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকার। আওয়ামী লীগের দুই প্রার্থীর দ্বন্দ্বের সুযোগে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হওয়ার স্বপ্ন দেখছেন তিনি।গতকাল বুধবার প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে তৈমুর আলম দাবি করেন, বর্তমান সরকারের প্রতি মানুষের আস্থা নেই। তাই মানুষ বিএনপিকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করে আছে।মেয়র পদে নির্বাচন করতে চাইছেন কেন, জানতে চাইলে তৈমুর বলেন, ‘নারায়ণগঞ্জ একটি সন্ত্রাসকবলিত এলাকা। এখানে অতীতে সন্ত্রাসী পরিবারের কারণে সুষ্ঠু নির্বাচন হতে পারেনি। গত আওয়ামী লীগ সরকারের সময় পৌরসভা, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন লাভ করলেও সন্ত্রাসীদের কারণে প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। তাই নির্বাচনে অংশ নিচ্ছি।’ইলেকট্রনিক ভোটিং মেশিনকে (ইভিএম) কেন্দ্র করে বিএনপি নির্বাচন বর্জন করবে এমন কথা আছে। এ বিষয়ে আপনার বক্তব্য কী? তৈমুরের উত্তর, ‘ইভিএম নিয়ে আমাদের অবস্থান পরিষ্কার। বিএনপির জনপ্রিয়তা দেখে ভোটে কারচুপি করার জন্য ইভিএম ব্যবহার করা হচ্ছে। আমরা নির্বাচন কমিশনকে বলছি, ইভিএম ব্যবহার থেকে সরে আসুন।’নির্বাচনে জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী? তৈমুর আলমের উত্তর, ‘এই সরকার সব ক্ষেত্রে ব্যর্থ। সাধারণ মানুষের কোনো আশা পূরণ করতে পারেনি এই সরকার। মানুষ এখন চরম ক্ষুব্ধ। অন্যদিকে বিএনপি এখানে ঐক্যবদ্ধ। প্রতিটি এলাকায় বিএনপি, যুবদল, ছাত্রদলের কমিটি কাজ করছে। কাজেই আমি নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে পুরোপুরি আশাবাদী। আর আমি চাঁদাবাজ বা সন্ত্রাসী নই। এলাকার মানুষের জন্য কাজ করেছি। ছাত্র অবস্থা থেকে মানুষের জন্য রাজনীতি করি। বিআরটিসির চেয়ারম্যান থাকাকালে এলাকার ছেলেদের চাকরি দিয়েছি। অনেককে চিনিও না, কিন্তু নারায়ণগঞ্জ বাড়ি হওয়ার কারণে চাকরি দিয়েছি। এসব কারণেই লোকজন আমাকে ভোট দেবে।’সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করার কথা বলছেন আপনি নির্বাচনী প্রচারে। কেন? তৈমুর আলমের উত্তর, ‘নারায়ণগঞ্জ একটি সন্ত্রাসকবলিত এলাকা। মাদকবিরোধী আন্দোলনের কারণে আমার ভাইকে মেরে ফেলা হয়েছে। আওয়ামী ক্যাডারদের হুমকি উপেক্ষা করে শহরের শহীদ মিনারের সামনে মিছিল করায় আমাকে গুলি করা হয়েছে। সে গুলি এখনো শরীরে বয়ে বেড়াচ্ছি। শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার জন্যই আমি সন্ত্রাসের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছি। আমি বলতে চাই, আমার কোনো বাহিনী থাকবে না।’নির্বাচিত হলে কী করবেন, জানতে চাইলে তৈমুর আলম বলেন, ‘সন্ত্রাস এই এলাকার প্রধান সমস্যা। সেটি দূর করব। এর পরই আছে মাদক। এ ছাড়া দৈনন্দিন জীবনে গ্যাস, বিদ্যুৎ, পানি, জলাবদ্ধতা, ভূমি দখলের মতো বেশ কিছু সমস্যা আছে। মেয়র হলে এসব সমস্যা দ্রুত সমাধান করব।’আপনি সুষ্ঠু নির্বাচন নিয়ে বারবার শঙ্কার কথা বলছেন। কেন? তৈমুর আলম বলেন, ‘পুলিশ ও প্রশাসন একটি বিশেষ পরিবারের পক্ষে কাজ করছে। তারা মানুষের জয় ছিনিয়ে নিতে চায়। তাই আমি এই নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানাচ্ছি। তাতে নাগরিকেরা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে।’