মানুষ ভয়ে প্রতিবাদ করতে পারছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ বাজারে এখন মাদকের ছড়াছড়ি। এখানে অবাধে বিক্রি হচ্ছে মাদক। মাদকাসক্তের সংখ্যা বাড়ার পাশাপাশি এলাকায় বিভিন্ন ধরনের অপরাধের ঘটনাও বাড়ছে। মাদকাসক্তদের দৌরাত্ম্যে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। ভয়ে প্রতিবাদও করতে পারছে না কেউ।জানা গেছে, উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে দাড়িদহ বাজারের অবস্থান। এই বাজারে আসার জন্য নিরাপদ ও সহজ যোগাযোগব্যবস্থা থাকায় মাদক ব্যবসায়ীরা এ বাজারকে তাঁদের ব্যবসার উপযুক্ত স্থান হিসেবে ব্যবহার করছেন। হিলি সীমান্ত পেরিয়ে সহজেই এখানে মাদক নিয়ে আসা সম্ভব হয়। বেশির ভাগ ক্ষেত্রে ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন মাদক বয়সী যুবকেরা একরকম প্রকাশ্যে কার্টনে ভরে সিএনজিচালিত অটোরিকশা বা মোটরসাইকেলে করে বয়ে আনছে। অনেক ক্ষেত্রে নারীরাও শরীরের সঙ্গে পেঁচিয়ে প্লাস্টিকের পাইপে করে মাদক আনছে। একজন নারী ৩০ লিটার পর্যন্ত ফেনসিডিল আনতে পারেন। সহজলভ্যতার কারণে মাদক সেবনকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে এখানে। বড়দের সঙ্গে পাল্লা দিয়ে অল্প বয়সী কিশোরেরাও মাদকাসক্ত হয়ে পড়ছে। ৫ অক্টোবর কথা হয় স্থানীয় রিকশা-ভ্যানচালক শফিকুল ইসলামের সঙ্গে। ফেনসিডিল কোথায় পাওয়া যায়—জানতে চাইলে তিনি বলেন, ‘কুটি পাওয়া যায় জানি ন্যা। তবে টায়ারের পিছোনোত যান, সব পাবিন।’ বাজারের পাশেই এক মুঠোফোন কোম্পানির টাওয়ার। সেখানে গিয়ে দেখা যায় দোকনপাটে ভরপুর। আর এসব দোকানের পেছনে বিশাল এক বাঁশঝাড়। খুপরি মতোন কিছু ঘরও আছে। বাঁশঝাড়ের মধ্যে কথা হয় ১০-১২ বছর বয়সী দুজন কিশোরের সঙ্গে। একজনের নাম রাসেল, আরেকজনের নাম আসাদ। তারা এখানে-সেখানে ফেনসিডিলের বোতল খুঁজে বেড়ায়। তারা জানায়, সেখানকার আনাচে-কানাচে ফেনসিডিলের অসংখ্য খোলা বোতল, বিভিন্ন ট্যাবলেটের খোলা পাতা পড়ে থাকে। ওই টাওয়ার এলাকা ছাড়াও উপ-স্বাস্থ্যকেন্দ্র, সিনেমা হলের আশপাশে, বিদ্যালয় এলাকায়সহ বিভিন্ন জায়গায় মাদকসেবীদের অবাধ বিচরণ রয়েছে বলে এলাকাবাসী জানায়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক মুদি ব্যবসায়ী জানান, প্রতিদিন সন্ধ্যার পর নতুন নতুন দামি মোটরসাইকেল চোখে পড়ে। প্রতিটিতে দু-তিনজন তরুণ থাকে। দেখলেই বোঝা যায় এরা মাদকসেবী বা মাদক ব্যবসায়ী। এলাকার লোকজন এসব কর্মকাণ্ডের কথা জানলেও এদের দাপটে কেউ মুখ খুলতে সাহস পায় না। মাঝেমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ফেনসিডিল উদ্ধার করেন। দু-চারজন ধরাও পড়ে। যারা ধরা পড়ছে তারা চুনোপুঁটি। রাঘববোয়ালেরা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে।স্থানীয় এক জনপ্রতিনিধি ও বিএনপি নেতার ছোট ভাই এবং প্রভাবশালী এক আওয়ামী লীগ নেতার ছেলে এ মাদক ব্যবসায় প্রধান ভূমিকা রাখছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন জানিয়েছেন। এ ছাড়া এ দুই দলের অঙ্গ-সংগঠেনর বেশ কয়েকজন নেতা-কর্মীর এ ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে তাঁদের সখ্যের কথা এলাকায় এখন আলোচনার বিষয়।মাদকের ভয়াবহ বিস্তারে এলাকার অভিভাবক মহল উদ্বিগ্ন হয়ে পড়েছে। একজন শিক্ষক বলেন, ‘দীর্ঘদিন ধরে বাধাহীনভাবে দাড়িদহ বাজারে মাদকের বিস্তার ঘটছে। এ জন্য আমরা চরম ঝুঁকির মধ্যে রয়েছি। ফেনসিডিল এখানকার ভবিষ্যৎ প্রজন্মকে অনেকটা ধ্বংস করে দিয়েছে। প্রশাসন পরিস্থিতি সামাল দিতে পারছে না।’ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রমজান আলী জানান, গোটা উপজেলার মধ্যে মাদকে দাড়িদহ এখন এক নম্বরে। এখানকার পরিস্থিতি ভয়ংকর হয়ে উঠেছে। যারা এ কাজে জড়িত, তারা যে দলের, যত প্রভাবশালীর ভাই বা ছেলেই হোক তাদের ব্যাপারে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া দরকার।ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান বলেন, মাদকসেবী কোনো দলের হতে পারে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এলাকায় ইদানীং মাদক ব্যবসা ও মাদকসেবীদের উৎপাত বেড়েছে। তাদের প্রতিরোধে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে তা যথেষ্ট নয়। বিষয়টি উপজেলা পর্যায়ের নেতাদের জানানো হয়েছে।ইউনিয়নের (ময়দানহাটা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুনু মণ্ডল জানান, বিষয়টি তিনি বিভিন্ন জায়গায় জানিয়েছেন। কিন্তু কাজ হয়নি। উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সদস্যসচিব তৌহিদুর রহমান জানান, এলাকায় মাদকের ব্যবহার ভয়াবহ আকার ধারণ করেছে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে গ্রামে-গঞ্জে সভা করে মাদক প্রতিরোধে গণসচেতনতা গড়ে তোলা হচ্ছে। শুধু প্রশাসন নয়, সমাজের সর্বস্তরের মানুষকে মাদক রোধে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, যেকোনো সূত্র থেকে খবর পেলেই পুলিশ মাদকসেবীদের ধরতে তৎপর হয়ে ওঠে। দাড়িদহ থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে অচিরেই বড় ধরনের অভিযান চালানো হবে।