ফারুক চৌধুরী, সাবেক পররাষ্ট্রসচিবআমি মনে করি, এটা শুধু যে প্রশংসনীয় উদ্যোগ তা নয়, একটা প্রয়োজনীয় উদ্যোগও বটে। প্রতিবেশীদের মধ্যকার সম্পর্কে জটিলতা কিংবা সমস্যা থাকাটা মোটেই অস্বাভাবিক নয়। তবে বৈশ্বিক অভিজ্ঞতা থেকে আমরা এটুকু জানি, প্রতিটি সমস্যা ও জটিলতার মধ্যে সম্ভাবনাও লুকিয়ে থাকে। সেই সম্ভাবনা আমাদের জিইয়ে রাখতে হবে এবং তা বাস্তবায়নে সচেষ্ট হতে হবে। এ জন্য ধারাবাহিক প্রচেষ্টা ও ধৈর্য প্রয়োজন। দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্কোন্নয়নের দায়িত্ব শুধু সরকারের একার নয়; এতে দুই দেশের নাগরিকদের ভূমিকা রয়েছে, দুই দেশের সুশীল সমাজেরও করণীয় রয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে আমি এই উদ্যোগকে স্বাগত জানাই। আনিসুল ইসলাম মাহমুদ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী‘মৈত্রীবন্ধন’-এর মতো প্রয়াসকে আমি সব সময় সমর্থন করি। সরকারি পর্যায়ে খোলামেলাভাবে যা বলা যায় না, তা এ ধরনের যোগাযোগের মাধ্যমে বলা খুব সহজ। ফলে নিজের দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখেই জনগণ তাদের নিজেদের কথা বলতে পারে, যা পররাষ্ট্রনীতির দিকনির্দেশনায় সহায়ক শক্তি হিসেবে অবদান রাখতে পারে। আমাদের ইতিহাস তো মৈত্রীর ইতিহাস। রাজনৈতিকভাবে আমরা আলাদা দেশ হতে পারি, তবে দুই দেশের মধ্যে অনেক বিষয়ে মিল রয়েছে। আর মিলের বিষয়টি যত বেশি খুঁজে নেওয়া যাবে, ততই সুদৃঢ় হবে আমাদের সম্পর্ক। এ কে আজাদ, সভাপতি, এফবিসিসিআইএধরনের প্রয়াস সাংস্কৃতিক বিনিময়ের পাশাপাশি বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিভিন্ন সমস্যা সমাধানে রাখবে ইতিবাচক ভূমিকা। ভারতের সঙ্গে সম্পর্ক বিশ্লেষণ করলে দেখা যায়, কলকাতা ছাড়া অন্য রাজ্যগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক তেমন জোরালো নয়। অথচ আমাদের সীমান্তবর্তী ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা রয়েছে। দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে এবং আমাদের সেই সম্ভাবনার বাস্তবায়নে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে এ ধরনের উদ্যোগ। আমার আশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে আলোচনা হলে বাংলাদেশ-ভারত সীমান্তে যে সমস্যা রয়েছে, তা সমাধানেও অনেক অগ্রগতি হবে।রেজওয়ানা চৌধুরী বন্যা, রবীন্দ্রসংগীতশিল্পীএ উদ্যোগে আমি আশাবাদী ও আনন্দিত। তবে এ প্রয়াস যেন শুধু প্রথম আলো ও টাইমস অব ইন্ডিয়ার মধ্যে সীমিত না থাকে; দুই প্রতিবেশীর জনগণের মধ্যে যেন তা সম্প্রসারিত হয়। সম্পর্কের মেলবন্ধনের এ প্রয়াস দুই দেশের একেবারে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে পড়ুক। দুই পত্রিকায় যেসব লেখা ছাপা হবে আমরা তা পড়ব, যে অনুষ্ঠানগুলো হবে তা দেখব। এর মাধ্যমে আমাদের ভাবনার বিনিময় হবে। ‘মৈত্রীবন্ধন’-এর মাধ্যমে গণযোগাযোগের একটি ক্ষেত্র তৈরি হয়েছে। গণমাধ্যমের যোগাযোগ থেকে তা যেন ব্যক্তি মানুষের যোগাযোগে পরিণত হয়, তবেই অর্থবহ হবে মৈত্রীর বন্ধন। ইমতিয়াজ আহমেদঅধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়দুই দেশের গণমাধ্যমসহ সমাজের বিভিন্ন অংশের প্রতিনিধিদের মধ্যে সরাসরি মতের আদান-প্রদান যত বেশি হবে, তত ভালো। এতে করে দুই দেশের জনগণ কোনো বিষয় সরকারের নজরে আনতে পারে। প্রয়োজনে সমস্যা সমাধানে সরকারের ওপর চাপও দিতে পারে। তাই ‘মৈত্রীবন্ধন’-এর মতো উদ্যোগ যত বেশি থাকবে, ততই ভালো; যেখানে আমাদের দুই দেশের মধ্যে ভুল বুঝাবুঝি ও সন্দেহের অবকাশ আছে। এ ক্ষেত্রে সমস্যা সমাধানের জন্য আমরা বেছে নিতে পারি কোন বিষয়কে। আমাদের দেশের স্যাটেলাইট চ্যানেলগুলো ভারতে দেখা যায় না। দুই দেশের সংশ্লিষ্ট ব্যক্তিরা আলোচনার মাধ্যমে বিষয়টি সরকারের মনোযোগ আকর্ষণ করতে পারেন।