মানুষ সমান সুযোগ না পেলে অপরাধী হয়
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, আমরা সব সময় অপরাধীদের দমন বা শাস্তি দেওয়ার কথা বলি। কিন্তু মানুষ কেন অপরাধ করছে আমরা তা খুঁজে দেখি না। মানুষ বেড়ে উঠার জন্যে সমান সুযোগ না পেলে অপরাধী হয়ে ওঠে। আমরা এ বিষয়টিকে প্রাধান্য দিয়ে অপরাধ প্রতিরোধের চেষ্টা করব।আজ শনিবার বিকেলে যশোর জেলার আইন-শৃঙ্খলা কমিটির সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার মোড়কে কেউ মানবাধিকার লঙ্ঘন করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।যশোরের চাঞ্চল্যকর হত্যা মামলার তালিকা করার নির্দেশ দিয়ে প্রশাসনের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথমে আদালতের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদের সম্পত্তি ক্রোকের ব্যবস্থা করতে হবে। তারপর চূড়ান্ত অভিযোগপত্র দিলে আসামিরা সহজে আত্মসমর্পণ করবে। সভায় বক্তাদের একজন সাধারণ মানুষের ভোগান্তি কমানোর জন্য যশোরে একটি ভিসা সংক্রান্ত বুথ স্থাপনের দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে প্রতিদিন তিন হাজার মানুষ ভিসার জন্যে ভারতীয় দূতাবাসে আবেদন করেন। এরমধ্যে থেকে যাচাই-বাছাই করে এক হাজার ৮০০ থেকে দুই হাজার মানুষকে ভিসা দেওয়া হয়। এখানে আমাদের তেমন কিছুই করার নেই। তবে এ বিষয়টি ভারত সরকারকে জানানো হয়েছে। যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান আলোচনার শুরুতে জেলার আইন শৃঙ্খলা উন্নয়নের জন্যে কয়েকটি সুপারিশ তুলে ধরেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সাংসদ খালেদুর রহমান, তথ্য, প্রযুক্তি ও যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা, যশোর প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান প্রমুখ।