দেশবাসীর কাছে আমাদের বিদ্যুৎ ও জ্বালানি সমস্যার সমাধান করার অঙ্গীকার আছে। এই অঙ্গীকারের দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে মন্ত্রণালয় অনেক কাজ করলেও আরও দ্রুত অগ্রগতি দরকারপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার গত প্রায় দেড় বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে যে কাজ করেছে, জনগণ এখন তার ফল দেখতে চায়। জনগণকে কাজের ফল দেখাতে হবে। আসন্ন রমজান মাসে গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি যেন সহনীয় পর্যায়ে থাকে, তাও নিশ্চিত করতে হবে।বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়টি প্রধানমন্ত্রীর অধীন। গতকাল রোববার বেলা সোয়া ১১টা থেকে দুইটা পর্যন্ত তিনি ওই মন্ত্রণালয়ে অফিস করেন। তিনি সেখানে মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে উপরিউক্ত মন্তব্য করেন। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।বৈঠকে কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশবাসীর কাছে আমাদের অঙ্গীকার আছে বিদ্যুৎ ও জ্বালানি সমস্যার সমাধান করার। এই অঙ্গীকারের দ্রুত বাস্তবায়ন দরকার। সেই লক্ষ্যে মন্ত্রণালয় অনেক কাজ করলেও আরও দ্রুত অগ্রগতি দরকার।’ এ জন্য আইন ও প্রক্রিয়াগত কোনো সমস্যা থাকলে তা তাঁকে জানাতে বলেন প্রধানমন্ত্রী। বিদ্যুৎ উৎপাদন বাড়াতে যেমন ‘কুইক রেন্টাল’ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন, তেমনি জ্বালানি খাতের উন্নয়নেও প্রয়োজন হলে দ্রুত সিদ্ধান্ত নিতে তিনি প্রস্তুত আছেন বলে জানান।সূত্রগুলো জানায়, গ্যাস-সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী সমুদ্রবক্ষের গ্যাস ক্ষেত্রগুলোতে যাতে দ্রুত অনুসন্ধান শুরু করা যায়, সেই লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যক্রম গ্রহণ করতে বলেন। বিদ্যুৎ ও জ্বালানি সমস্যা সমাধানে নতুন প্রযুক্তি উদ্ভাবন ও দ্রুত বাস্তবায়নের কৌশল বের করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।প্রধানমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলের গ্যাস-সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া এবং আসন্ন পবিত্র রমজান মাসে গ্যাস-বিদ্যুৎ সমস্যা সহনীয় পর্যায়ে রাখতে কর্মকর্তাদের বিশেষভাবে উদ্যোগী হতে বলেন। জ্বালানি সচিবের উপস্থাপনা: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দেশের জ্বালানি খাতের বর্তমান অবস্থা তুলে ধরেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন। এতে বলা হয়, গত দেড় বছরে গ্যাসের উৎপাদন কিছুটা বেড়ে এখন ২০০ কোটি ঘনফুটের ওপরে উঠেছে। তবে তা বিদ্যমান চাহিদার তুলনায় কম। চলতি বছরের মধ্যে গ্যাস উত্তোলন আরও ১৮ কোটি ৮০ লাখ (১৮৮ মিলিয়ন) ঘনফুট বাড়ানোর লক্ষ্যে কাজ চলছে। গ্যাস খাতের উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করে প্রধানমন্ত্রীকে জানানো হয়, ২০১৩ সালের মধ্যে আরও ১২৮ কোটি ৫০ লাখ (১২৮৫ মিলিয়ন) ঘনফুট গ্যাস উত্তোলন বাড়বে। এর সঙ্গে যুক্ত হবে ৫০ কোটি (৫০০ মিলিয়ন) ঘনফুটের সমান তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি)। আর ২০১৫ সালের মধ্যে আরও ৩৮ কোটি (৩৮০ মিলিয়ন) ঘনফুট গ্যাস উত্তোলন বাড়ানোর লক্ষ্যে কার্যক্রম চালানো হচ্ছে। সব মিলে ২০১৫ সাল নাগাদ দেশে মোট নতুন গ্যাস উত্তোলন বাড়বে ২৩৫ কোটি ৩০ লাখ (২৩৫৩ মিলিয়ন) ঘনফুট।চাহিদা মিটবে কবে: সরকারের হিসাব অনুযায়ী, বর্তমানে দেশে গ্যাসের চাহিদা অন্তত ২৫০ কোটি (২৫০০ মিলিয়ন) ঘনফুট। উৎপাদন হচ্ছে সর্বোচ্চ ২০০ কোটি (২০০০ মিলিয়ন) ঘনফুট। বর্তমানে যে ৫০ কোটি ঘনফুট ঘাটতি রয়েছে এবং এর সঙ্গে প্রতিবছর প্রায় ৮ শতাংশ হারে চাহিদা বাড়ছে, সেই সম্মিলিত ঘাটতি ২০১৩ সালের আগে মিটবে না। গতকালের বৈঠকে প্রধানমন্ত্রীর সামনে জ্বালানিসচিবের উপস্থাপিত তথ্য অনুযায়ী ২০১৩ সাল পর্যন্ত গ্যাস ঘাটতি চলবে।বিদ্যুৎসচিবের উপস্থাপনা: গতকালের বৈঠকে মূল আলোচ্য বিষয় জ্বালানি হলেও বিদ্যুৎ নিয়েও আলোচনা হয়েছে। বিদ্যুৎসচিব মো. আবুল কালাম আজাদের উপস্থাপনায় বলা হয়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত মোট ৮৭১ মেগাওয়াট নতুন বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। আরও দুই হাজার ৩০০ মেগাওয়াট উৎপাদনের জন্য কার্যাদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া চলতি বছরে আরও আড়াই হাজার মেগাওয়াট ক্ষমতার কেন্দ্র স্থাপনের কার্যাদেশ দেওয়া হবে। সব মিলে ২০১৫ সাল নাগাদ মোট নতুন বিদ্যুৎ উৎপাদিত হবে ১১ হাজার ৫৯ মেগাওয়াট। এ ছাড়া সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎসাশ্রয়ী (সিএফএল) বাল্ব বিতরণ প্রভৃতি বিষয়েও প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।মোট উৎপাদন বাড়েনি: বিদ্যুৎসচিবের উপস্থাপিত তথ্য অনুযায়ী, বর্তমান সরকারের মেয়াদে ৮৭১ মেগাওয়াট নতুন বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হলেও বিদ্যুতের মোট উৎপাদন বাড়েনি। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের আগে বা পরেও মোট বিদ্যুৎ উৎপাদন চার হাজার মেগাওয়াটের কিছু কম বা বেশি ছিল। এখনো তাই আছে। সর্বোপরি, বর্তমান সরকার বেশ কিছু ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কার্যাদেশ দিয়েছে, যার কোনোটিতে চার মাস এবং কোনো কোনোটিতে নয় মাসের মধ্যে উৎপাদন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু হয়নি।এ সরকার যেসব বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়নের প্রক্রিয়া করেছে তার মধ্যে ১০০ মেগাওয়াট ‘কুইক রেন্টাল’সহ এখন পর্যন্ত মোট ১৬০ মেগাওয়াট নতুন বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। চলতি মাসে আরও কিছু যুক্ত হওয়ার কথা। এই প্রক্রিয়ায় পূর্ববর্তী সরকারের মেয়াদের তুলনায় বিদ্যুতের মোট উৎপাদন চলতি বছরের মধ্যেও বাড়বে কি না, সে বিষয়ে সন্দেহ দেখা দিয়েছে।সংবাদ ব্রিফিং: বৈঠক সম্পর্কে এক সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, বিদ্যুৎ ও জ্বালানির বর্তমান সংকট সৃষ্টি হয়েছে এই খাতে গত সাত বছর কোনো কাজ না হওয়ায়। এই পুঞ্জীভূত সমস্যা সমাধানে যেভাবে কাজ করা হচ্ছে তাতে প্রধানমন্ত্রী সন্তুষ্ট। তবে তিনি দেশবাসীর কাছে গ্যাস-বিদ্যুতের সংকট নিরসনের যে অঙ্গীকার করেছিলেন, তা পূরণ করার জন্য আরও দ্রুত নিষ্ঠার সঙ্গে কাজ করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী বৈঠকে বলেছেন, ‘আগে তো শুনেছি গ্যাসের ওপর দেশ ভাসছে। তাহলে এখন এই অবস্থা দেখছি কেন।’ আসন্ন রমজানে যেন মানুষের কষ্ট না হয় সেই ব্যবস্থা নিতেও কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।বৈঠকের শুরুতে শোকের মাস আগস্টে সপরিবারে নিহত বঙ্গবন্ধু এবং অন্যান্য নেতার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। একই সঙ্গে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন উপলক্ষে তাঁকে স্মরণ করা হয়।সংবাদ ব্রিফিংয়ে বিদ্যুৎসচিব এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবও বক্তব্য দেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিদ্যুৎসচিব বলেন, বিদ্যুতের চাহিদা প্রতিদিন দুই-চার মেগাওয়াট করে বাড়ছে। শ্রাবণ মাসেও বৃষ্টি নেই। অত্যধিক গরম। ঘোড়াশালে ২১০ মেগাওয়াটের একটি কেন্দ্র আগুন লেগে বন্ধ হয়ে আছে। আইপিএস এবং রিচার্জেবল ব্যাটারিচালিত তিন চাকার যানবাহনের ব্যাটারি চার্জ দিতেও অনেক বিদ্যুৎ ব্যবহার হচ্ছে। সর্বোপরি গভীর রাতে শিল্প-কারখানা চালানো হচ্ছে। এসব কারণে গভীর রাতেও লোডশেডিং করতে হচ্ছে।ব্রিফিংয়ে জ্বালানিসচিব বলেন, গৃহস্থালিতে ব্যবহারের জন্য তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ব্যবহার বাড়ানো হবে।