আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
মানুষকে চোখের পানি ফেলতে হয়, এমন কিছু করবেন না
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবাসন ব্যবসায়ীদের উদ্দেশে বলেছেন, এমন কিছু করবেন না, যাতে মানুষকে চোখের পানি ফেলতে হয়। ভবন নির্মাণের পরিকল্পনা করার সময় খোলা জায়গা রাখতে হবে। পানি, বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ নিশ্চিত করেই ভবন নির্মাণ করতে হবে। জলাশয় ভরাট করা যাবে না।গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিত ‘রিহ্যাব ভিশন ফেয়ার ঢাকা-২০১০’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব পরামর্শ দেন। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এই মেলার আয়োজক।প্রধানমন্ত্রী আক্ষেপ করে বলেন, ‘ঢাকা শহরে ফ্ল্যাট বাড়িগুলোতে এক ইঞ্চি জায়গাও ছাড় দেওয়া হয় না। ফ্ল্যাটগুলো এমনভাবে তৈরি, যেখানে কোনো ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা বা একান্ততার সুযোগ থাকে না। এক ফ্ল্যাট থেকে কথা বললে অন্য ফ্ল্যাটে শোনা যায়। আলো-বাতাসের ব্যবস্থা নেই। ফ্ল্যাটগুলো এমনভাবে তৈরি, শীতাতপনিয়ন্ত্রক যন্ত্র (এসি) এবং দিনের বেলায়ও বৈদ্যুতিক বাতি জ্বালানো ছাড়া থাকা যায় না। এতে বিদ্যুতের অপচয় হচ্ছে। এত বিদ্যুৎ আসবে কোত্থেকে। এ ধরনের ফ্ল্যাট নির্মাণ বন্ধ করতে হবে।’শিশুদের জন্য পর্যাপ্ত খেলার জায়গা রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিশুদের খেলার জায়গা ও বয়স্ক ব্যক্তিদের হাঁটার পর্যাপ্ত জায়গা নেই এখনকার ফ্ল্যাটগুলোতে। ফলে শিশুরা সারা দিন কম্পিউটারে বসে থাকে—যেমন করে খাঁচার ভেতরে ‘ফার্মের মুরগি’ রাখা হয়, শিশুদেরও বাসায় সেভাবে রাখা হয়। এতে শিশুদের সৃজনশীলতা কমে যাচ্ছে। নিঃসঙ্গ হয়ে পড়ছে। এ থেকে তারা মাদকাসক্তও হয়ে পড়ছে।ঢাকার জন্য বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার ড্যাপ করছে। জনপ্রতিনিধি, সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মতামত নিয়েই তা বাস্তবায়ন করবে। এককভাবে সরকার তা বাস্তবায়ন করবে না। ড্যাপের বিরুদ্ধে পত্রিকায় লেখালেখির প্রয়োজন আছে বলে মনি করি না।’প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রায় শেষ পর্যায়ে কেউ একজন সরকারের পক্ষ থেকে রিহ্যাবকে কিছু জমি দেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী হাসতে হাসতে বলেন, ‘আমি জমি দিতে পারব না। কারণ আমারই ঢাকায় জমি নেই। সবাই শুধু ঢাকা ঢাকা করে। আমি ঢাকায় থাকব না। গ্রামে চলে যাব।’প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার জেলা ও উপজেলা থেকে শুরু করে গ্রামেও পরিকল্পিত আবাসনব্যবস্থা গড়ে তুলবে। সেখানে ‘পল্লিনিবাস’ নামে সব আয়ের লোকজনের জন্য আবাসনের ব্যবস্থা করা হবে।প্রধানমন্ত্রী আবাসন খাতের ব্যবসায়ীদের খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি ও চিত্রকলায় সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। বিশেষ করে খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার পরামর্শ দেন তিনি।অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বলেন, ‘যত মামলা মোকদ্দমা হয়, তার বেশির ভাগই জমি নিয়ে। সন্তানের পর মানুষ জমিকে সবচেয়ে বেশি ভালোবাসে। অঘটনের মূলেও জমি। আবাসন ব্যবসায়ীদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, মাত্র দু-একজন খারাপ লোকের কারণে এ ব্যবসা কলুষিত হতে পারে না। আপনাদের মেধা ও উদ্যোগ দিয়ে কাজ করুন সরকার সহায়তা দেবে।’গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী বলেন, কিছু লোকের জন্য আবাসন ব্যবসায়ীদের বদনাম কাঁধে নিতে হয়। শুধু লাভের কথা চিন্তা না করে ব্যবসায়ীদের দেশের কথাও ভাবতে হবে।ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ বলেন, ব্যবসায়ীদের মধ্যে দু-একজন খারাপ। তাই ঢালাওভাবে দোষারোপ করা ঠিক নয়। কারণ সেবা খাত থেকে জিডিপির (মোট জাতীয় উৎপাদন) অর্ধেক আসছে।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিহ্যাবের সভাপতি সাংসদ নসরুল হামিদ। শুভেচ্ছা বক্তব্য দেন ভিশন ফেয়ারের চেয়ারম্যান সুলতানা শাহেদা ইসলাম।রিহ্যাবের পক্ষ থেকে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অনুকূলে এক কোটি টাকার অনুদানের চেক প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। এ ছাড়া পুলিশের জন্য দুটি মাইক্রোবাসেরও চাবি তুলে দেওয়া হয় প্রধানমন্ত্রীর হাতে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলা প্রাঙ্গণে গিয়ে প্রধানমন্ত্রী ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।